জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের উপজেলা নান্দাইলের ৯নং আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও মৌজার ছেতরা বিলের জলাবদ্ধতা নিরসনে সরকারি খাস জমিতে খাল খননের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় চারটি গ্রামের লোকজন। রোববার (১লা ফেব্রুয়ারি) বেলা ১১ ঘটিকায় ছেতরা বিল সংলগ্ন এলাকায় স্বেচ্ছাশ্রমে খাল খনন করতে প্রশাসনের সহযোগিতা ও অনুমতি প্রদানের জন্য বারুইগ্রাম, ডাংরী, ঘোষপালা ও ধরগাঁও গ্রামবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, ছেতরা বিলের পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় দীর্ঘ দিন ধরে চারটি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, যার ফলে ব্যাহত হচ্ছে কৃষি কাজ। এই বিলে সরকারি খাস জমি ও রেকর্ডীয় খাল থাকা সত্ত্বেও খালের খননের অভাবে কৃষকরা তাদের ফসল ঘরে তুলতে পারছে না। তাই কোন উপায় না পেয়ে নিজেদের স্বেচ্ছাশ্রম ও উদ্যোগে এই খাল খনন করতে চাইলে, খাসজমি ভোগদখলে থাকা একটি পক্ষ ওই কাজে বাঁধা প্রদান করছে। তাই এলাকাবাসী খাল খননে প্রশাসনের আইনি সহযোগিতা চাচ্ছেন যাতে এই জনকল্যাণকর কাজে কেউ বাধা সৃষ্টি করতে না পারে।
এলাকাবাসী আরও জানান, “যুগ যুগ ধরে ভরাট হয়ে যাওয়া সরকারি খালটি দ্রুত খনন করা প্রয়োজন। খালটি খনন করা হলে এলাকার শত শত একর জমি চাষাবাদের আওতায় আসবে এবং অকাল বন্যার হাত থেকে ফসল সহ গ্রামবাসী রক্ষা পাবে। এছাড়া কৃষকদের ফসলাদি বয়ে নেওয়ার স্বার্থে একটি নতুন রাস্তাও নির্মাণ করা হয়েছে। রাস্তার দুপাশের ফসলি মাঠে যাতে জলবদ্ধতার সৃষ্টি না হয় সে লক্ষ্যে উক্ত খাল খননে জরুরী ভিত্তিতে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।
উক্ত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা পল্লী ডাক্তার লিটন সরকার, সাবেক ইউপি সদস্য মো. আব্দুল গণি, মানাবিধকার সংগঠক মো. নাঈমুল গণি ভূইয়া পলাশ, নূরে আলম সিদ্দিকী, সমাজ সেবক মো. তারা মিয়া ও আফতাব উদ্দিন প্রমুখ।
এসময় ছেতারা বিলের আশপাশের চারটি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কয়েক শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।




