ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধনাফ নদীতে ৩ কেজি আইসসহ মিয়ানমারের নাগরিক আটক

নাফ নদীতে ৩ কেজি আইসসহ মিয়ানমারের নাগরিক আটক

মোহাম্মদ ইউনুছ অভি টেকনাফ : কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে অভিযান চালিয়ে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিয়ানমারের এক নাগরিককে আটক করা হয়েছে। একই অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাঠের নৌকা ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।

শনিবার (২২ আগস্ট) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)–এর অধীন সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নাফ নদীতে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তির নাম মো. শাহ আলম (৫০)। তিনি মিয়ানমারের মংডু থানার পুইমালি গ্রামের বাসিন্দা ফজল করিমের ছেলে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে সাবরাং এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা করা হয়।

এর অংশ হিসেবে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল অত্যাধুনিক ফ্যান্টম বোট নিয়ে শনিবার রাত একটার দিকে নাফ নদীতে কৌশলগত অবস্থান নেয়। পরে সকাল সাতটার দিকে প্রযুক্তিগত পর্যবেক্ষণে মিয়ানমারের জলসীমা থেকে একটি কাঠের নৌকাকে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়।

বিজিবির নৌ-টহল দল দ্রুত নৌকাটির কাছে গিয়ে সেটিকে থামার সংকেত দেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা তিনজন নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যান। তবে একজনকে আটক করা হয়।

পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে গোপন কুঠুরিতে রাখা তিনটি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে এক কেজি করে মোট ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ছিল বলে জানিয়েছে বিজিবি। এ ছাড়া নৌকাটি ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশসহ সীমান্ত এলাকার সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। বিশেষ করে ক্রিস্টাল মেথ পাচার ঠেকাতে গোয়েন্দা নজরদারি, প্রযুক্তিগত পর্যবেক্ষণ, নৌ-টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি, উদ্ধার করা আইস ও অন্যান্য আলামতের বিরুদ্ধে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিজিবি ৩ কেজি আইসসহ একজন মিয়ানমারের নাগরিককে থানায় হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular