নারায়ণগঞ্জ প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য পরিবহনের একটি ময়লার গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী ছাত্রদল নেতাসহ দুই জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফতুল্লার দেলপাড়া এলাকার নান্নু সরদারের ছেলে আব্দুল কাদির জিলানি (২৬)। তিনি ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। অপর নিহত মাসুম বিল্লাহ ফতুল্লার শিবু মার্কেট এলাকার বাসিন্দা এবং স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মোটরসাইকেলযোগে দুইজন সিদ্ধিরগঞ্জের দিকে যাওয়ার পথে দশপাইপ এলাকায় পৌঁছালে সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এ সময় ট্রাকের নিচে পিষ্ট হয়ে দুইজনই ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে নিহতদের স্বজনরা আহাজারি করেন। পরে সিটি কর্পোরেশনের প্রশাসকসহ কর্মকর্তারা নিহতদের স্বজনদের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় প্রশাসক সাখাওয়াত হোসেন খান জানান, নিহত জিলানি তার কর্মী ছিলেন। রাজনৈতিক মামলায় তার জামিন তিনি করিয়েছিলেন। আজ কর্পোরেশনের গাড়িতে তার কর্মীর মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত।
তিনি বলেন, তিনি পরিবারের পাশে আছেন এবং সিটি কর্পোরেশন সব ধরনের সহযোগিতা করবে। এছাড়া ওই বর্জ্যবাহী গাড়ির চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
এদিকে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।




