ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপূজামণ্ডপে দেওয়া বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করলেন হুইপ নিজান

পূজামণ্ডপে দেওয়া বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করলেন হুইপ নিজান

বিতর্কিত অংশের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, সবার কাছে চাইলেন দোয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি : দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে দেওয়া বক্তব্যের একটি অংশ নিয়ে সৃষ্ট বিতর্কের জন্য দুঃখ প্রকাশ করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি ওই বক্তব্যের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং সবার কাছে দুঃখ প্রকাশ করেন।

বার্তায় নিজান বলেন, পূজামণ্ডপে দেওয়া তাঁর বক্তব্যের কিছু অংশ নিয়ে বিভিন্ন মাধ্যমে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি তাঁর দৃষ্টিগোচর হয়েছে। নিজ নির্বাচনী এলাকার রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, তরুণ প্রজন্ম, বিরোধী দলের নেতাসহ সব শুভাকাঙ্ক্ষীর উদ্দেশে তিনি বলেন, ‘আমার বক্তব্যের যে অংশটুকু ধর্মীয়ভাবে বিতর্কের জন্ম দিয়েছে, সে অংশের জন্য আমি মহান আল্লাহর কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের কাছেও দুঃখ প্রকাশ করছি।’

বর্তমানে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মদিনায় অবস্থান করছেন জানিয়ে সংসদ সদস্য আরও বলেন, পবিত্র এই স্থানে এসে তিনি কায়মনোবাক্যে দোয়া করছেন, আল্লাহ যেন তাঁর ঈমানকে আরও সুদৃঢ় ও মজবুত করেন।

ভবিষ্যতে সবার কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে মহান আল্লাহর সাহায্য কামনা করেন তিনি। একই সঙ্গে সবার কাছে দোয়া চেয়েছেন এই সংসদ সদস্য।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular