ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিপ্রবাসী আয়ে ঊর্ধ্বগতি, আগস্টে এলো ২৯৬ কোটি ডলার

প্রবাসী আয়ে ঊর্ধ্বগতি, আগস্টে এলো ২৯৬ কোটি ডলার

অর্থনীতি ডেস্ক: আগস্টে দেশে রেমিট্যান্স এসেছে ২৯৬ কোটি ৬৩ লাখ ডলার। এর আগে জুলাই মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৮৫ কোটি ৮৭ লাখ ডলার। ফলে এক মাসের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১০ কোটি ৮০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, আগস্টে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে দেশে এসেছে প্রায় ৫৫ কোটি ডলার, যা মোট রেমিট্যান্সের প্রায় ১৮ দশমিক ৬ শতাংশ।

রেমিট্যান্স আহরণে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। আগস্টে ব্যাংকটির মাধ্যমে দেশে এসেছে প্রায় ১৬ কোটি ডলার।

তৃতীয় অবস্থানে রয়েছে ডাচ্-বাংলা ব্যাংক, যার মাধ্যমে এসেছে ১৫ কোটি ৭৫ লাখ ডলার। এরপর ঢাকা ব্যাংক পেয়েছে ১৪ কোটি ৮৪ লাখ ডলার এবং সোনালী ব্যাংক পেয়েছে প্রায় ১৪ কোটি ডলার রেমিট্যান্স। অর্থাৎ শীর্ষ পাঁচ ব্যাংকের মাধ্যমে আগস্টে এসেছে প্রায় ১১৫ কোটি ৮০ লাখ ডলার, যা মোট প্রবাসী আয়ের প্রায় ৩৯ শতাংশ।

অন্যদিকে, আগস্টে বেশ কয়েকটি ব্যাংকে কোনো রেমিট্যান্সই আসেনি। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), আইসিবি ইসলামিক ব্যাংক, পদ্মা ব্যাংক ও ব্যাংক আল-ফালাহ। এ ছাড়া হাবিব ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানও আগস্টে কোনো রেমিট্যান্স পায়নি।

ব্যাংক খাতভিত্তিক হিসাবে দেখা যায়, আগস্টে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো পেয়েছে ৪৩ কোটি ৩৪ লাখ ডলার। এর সঙ্গে বিশেষায়িত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২৯ কোটি ১৯ লাখ ডলার যোগ করলে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে মোট প্রায় ৭২ কোটি ৫৪ লাখ ডলার।

সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। আগস্টে এ খাতের ব্যাংকগুলো পেয়েছে প্রায় ২২৩ কোটি ৪৫ লাখ ডলার। অন্যদিকে বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে মাত্র ৬ দশমিক ৭৪ মিলিয়ন ডলার বা প্রায় ৬৭ লাখ ডলার।

জুলাইয়ের সঙ্গে তুলনা করলে দেখা যায়, মোট রেমিট্যান্স বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে বেসরকারি ব্যাংকগুলো। জুলাইয়ে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছিল ২ হাজার ৮৯ দশমিক ৮৭ মিলিয়ন ডলার, যা আগস্টে বেড়ে ২ হাজার ২৩৪ দশমিক ৫৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ এক মাসে এ খাতে রেমিট্যান্স বেড়েছে ১৪৪ দশমিক ৬৬ মিলিয়ন ডলার বা প্রায় ৬ দশমিক ৯ শতাংশ।

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে আগস্টে রেমিট্যান্স কিছুটা কমেছে। তবে বিদেশি ব্যাংকগুলোতে প্রবাসী আয় বেড়ে ৬ দশমিক ৭৪ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে দেশে মোট ৫৮২ কোটি ৫৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। জুলাইয়ের তুলনায় আগস্টে প্রবাসী আয় ৩ দশমিক ৮ শতাংশ বেড়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular