নাজমুল হোসেন : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আপত্তিকর ও অশ্লীল মন্তব্য করার অভিযোগে লক্ষ্মীপুরে বিজলী আক্তার (নামে) এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে চন্দ্রগঞ্জ থানার মান্দারী এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া বিজলী আক্তার স্থানীয় পর্যায়ে যুব মহিলা লীগের একজন সক্রিয় কর্মী। এলাকায় তিনি ‘ফেসবুক সেলিব্রেটি’ হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিজলী আক্তার দীর্ঘদিন ধরেই তাঁর ফেসবুক আইডিতে বিতর্কিত ও উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন। সম্প্রতি তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য ও পুরো বাহিনীর উদ্দেশ্যে অত্যন্ত আপত্তিকর ও অশালীন মন্তব্য করে একটি পোস্ট দেন। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকেই তাঁর এই কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে শাস্তির দাবি জানান।
বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এলে পুলিশ অভিযানে নামে। শনিবার রাতে চন্দ্রগঞ্জ থানা-পুলিশের একটি দল মান্দারী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ শৃঙ্খলা বাহিনীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার সুনির্দিষ্ট অভিযোগে ওই নারীকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী তাঁর ফেসবুক পোস্টের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।




