নিউজ ডেস্ক: পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে হলুদ, নীল ও কালো রঙের সমান্তরাল ডোরাকাটা আকর্ষণীয় ‘সুন্দরী মাছ’।
এটি একটি বিরল প্রজাতির সামুদ্রিক মাছ ‘লাইন্ড সার্জন ফিশ’।
আজ রোববার বেলা ১১টার সময় এ মাছটি আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ‘সিফাত ফিশ’ নামক মাছের আড়তে নিয়ে আসা হয়। জেলেরা জানান, গতকাল শনিবার দিবাগত রাত ১২টার সময় গভীর সমুদ্রে একটি ফিশিং ট্রলারের জালে প্রায় আধা কেজি ওজনের এই রঙিন মাছটি ধরা পড়ে।
ওই ট্রলারের মাঝি মো. সেলিম মিয়া বলেন, ‘গভীর সমুদ্রে মাছ ধরার সময় অন্য মাছের সঙ্গে এটি জালে আটকা পড়ে। এর আগে আমি কখনো এমন মাছ দেখিনি। দেখতে সুন্দর হওয়ায় মাছটি অন্য মাছের থেকে আলাদা করে তীরে নিয়ে এসেছি।’
বাংলাদেশের সেন্ট মার্টিন ও সুন্দরবন উপকূলসহ বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় মাঝেমধ্যে এদের দেখা মেলে।




