ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়বাংলাদেশের উন্নয়নে জাপানের ধারাবাহিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের উন্নয়নে জাপানের ধারাবাহিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জীবনমান উন্নয়নে জাপানের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে হোটেল ইম্পেরিয়ালে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

এ সময় জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ২০২৬ সালের জুলাইয়ে জাইকা প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের সময় ঢাকায় অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করেন এবং জাপানের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, “দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করে বাংলাদেশের উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে জাপানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখা জরুরি।”

বৈঠকে চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হয় এবং অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রী জাপানের কাছ থেকে সহজ শর্তে ঋণসহায়তা অব্যাহত রাখার এবং কারিগরি সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

সাক্ষাতে বাংলাদেশের পক্ষ থেকে ‘বাংলাদেশ-জাপান দক্ষতা উন্নয়ন অংশীদারত্ব’ গড়ে তোলা, প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠা এবং কৃষি আধুনিকীকরণে জাপানি সহযোগিতা বাড়ানোর প্রস্তাব তুলে ধরা হয়।

জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাজেট সহায়তা দেওয়ার অনুরোধ জানানো হয়, যার জবাবে জাইকার প্রেসিডেন্ট বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারত্বকে আরও সুদৃঢ় করবে এবং দুই দেশের অভিন্ন সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাক্ষাতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular