ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকাপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে বিশেষ সুবিধা

প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে বিশেষ সুবিধা

নিউজ ডেস্ক : বিদেশে কর্মরত বাংলাদেশিদের জন্য আরও সহজ, সম্মানজনক ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ধারীদের জন্য একাধিক বিশেষ সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড়, বলাকা লাউঞ্জ ব্যবহারে ডিসকাউন্ট, অগ্রাধিকারভিত্তিক চেক-ইন ও বোর্ডিং সুবিধাসহ বিভিন্ন সেবা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয়’ শীর্ষক এক সভায় এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, সরকার প্রবাসী বাংলাদেশিদের জন্য হয়রানিমুক্ত, দ্রুত ও মানসম্মত বিমান ভ্রমণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় এবং বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিমানবন্দরে প্রাধান্যভিত্তিক চেক-ইন ও বোর্ডিং সুবিধা চালুর বিষয়েও কাজ চলছে।

সভায় আরও জানানো হয়, প্রবাসী কার্ডধারীদের জন্য বাংলাদেশ পর্যটন করপোরেশন পরিচালিত হোটেল ও মোটেলে বিশেষ ছাড় দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবা উন্নয়নের অংশ হিসেবে ইতোমধ্যে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে, যা দেশি-বিদেশি যাত্রীদের যাতায়াত আরও সহজ করবে।

সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে চালু হওয়া ‘প্রবাসী কার্ড’ কর্মসূচির মাধ্যমে পর্যায়ক্রমে আরও বিভিন্ন সেবা যুক্ত করা হবে। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়েছিল, প্রবাসী কার্ডধারীরা বিমানবন্দর লাউঞ্জ, বিশেষ ইমিগ্রেশন সেবা, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে ছাড়সহ একাধিক সুবিধা পাবেন।-

সংশ্লিষ্টদের মতে, নতুন এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশে কর্মরত বাংলাদেশিদের বিমান ভ্রমণ আরও সাশ্রয়ী, সহজ ও সম্মানজনক হবে। একই সঙ্গে প্রবাসীদের জন্য সরকারি সেবা সম্প্রসারণ এবং রাষ্ট্রের সঙ্গে তাদের সম্পৃক্ততা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular