নিউজ ডেস্ক : ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ ও অশালীন পোস্ট দেওয়ার অভিযোগে বাগেরহাটের কচুয়া উপজেলা থেকে মো. গোলাম রসুল ওরফে রফিকুল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাধাল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কচুয়া থানা পুলিশ জানিয়েছে। পুলিশের ভাষ্য, গ্রেপ্তারকৃত গোলাম রসুল বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে এবং তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের চতুর্থ শ্রেণির কর্মচারী।
কচুয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, চাঞ্চল্যকর শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনার পর গোলাম রসুল তার ফেসবুক আইডি থেকে জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট দেন। বিষয়টি নজরে আসার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে মঙ্গলবার সকালে তাকে বাগেরহাট আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।-
এ ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্যকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী এখন আরও সতর্ক অবস্থানে রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ব্যক্তি-নিন্দা বা উদ্দেশ্যপ্রণোদিত পোস্টের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানো হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




