বাংলাদেশ ব্যাংকের এক্সপোর্ট পারমিট (ইএক্সপি) জটিলতা কাটিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় মাছ রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ১০টি গাড়িতে করে প্রায় ৭০ মেট্রিক টন বরফায়িত মাছ আগরতলায় রপ্তানি হয়েছে। এর আগে সকাল থেকে তিনটি ট্রাকে করে ৯০ মেট্রিক টন পাথর ও ছয়টি ট্রাকে করে ১০৬ মেট্রিক টন ভোজ্যতেল ত্রিপুরা রাজ্যের আগরতলায় রপ্তানি হয়েছে। বুধবার এক্সপোর্ট পারমিট (ইএক্সপি) জটিলতায় মাছ ছাড়া সিমেন্ট ও ভোজ্যতেল রপ্তানি হয়েছে।
আখাউড়া স্থলবন্দরের মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, মাছ রপ্তানিতে বাংলাদেশ ব্যাংকের ইএক্সপির প্রয়োজন হয়। ওই কাগজপত্র মাছ ব্যবসায়ীদের হাতে না পৌঁছানোয় বুধবার ব্যবসায়ীরা ভারতে মাছ রপ্তানি করতে পারেননি। আজ বৃহস্পতিবার এক্সপোর্ট পারমিট জটিলতা কাটিয়ে সকাল থেকে মাছ রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।



