নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি পদে যাওয়ার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে দীর্ঘ রাজনৈতিক পথচলার আনুষ্ঠানিক ইতি টানার ইঙ্গিত দিয়েছেন দলটির সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আজকে শেষবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বলে বিদায় নিচ্ছি।’
বুধবার (১৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ানোর পর তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংখ্যাগরিষ্ঠ দলের প্রার্থী হওয়ায় ভোটের ফল তার পক্ষেই যাওয়ার সম্ভাবনা রয়েছে।
জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, নির্বাচন শেষ হওয়ার পরপরই বিজয়ী প্রার্থীর নামের গেজেট প্রকাশ করা হবে। পরদিন শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১৩ আগস্ট রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ার পর দলের মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ান মির্জা ফখরুল। ফলে তার ‘বিএনপি জিন্দাবাদ বলে বিদায়’ মন্তব্যকে দলীয় রাজনীতি থেকে রাষ্ট্রপতির দায়িত্বে যাওয়ার প্রেক্ষাপটে দেখা হচ্ছে।




