সৈয়দ নুরুল্লাহেল সাদেক, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মরিয়ম (৭) নামে এক শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার চরলোটাবর এলাকায় জামিনুর নামে এক ব্যক্তির বাড়ি থেকে মাটিচাপা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তিন দিন আগে চরলোটাবর এলাকা থেকে মরিয়ম নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে শিশুটির সন্ধানে তৎপরতা শুরু করে পুলিশ।
একপর্যায়ে জামিনুরের বাড়িতে মাটিচাপা অবস্থায় মরিয়মের মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে মাদারগঞ্জ থানা পুলিশ।




