রাঙামাটি প্রতিবেদক: রাঙামাটিতে দেশজুড়ে অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনার দ্রুত ও যথাযথ বিচার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস-এর সহযোগী সংগঠন পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন।
সোমবার (২৫ মে) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং নিরাপদ সমাজ গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
পিসিপির রাঙামাটি জেলার সভাপতি সুমন চাকমার সভাপতিত্বে সমাবেশে জেলা যুব সমিতির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, পিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অন্তর চাকমা, হিল উইমেন ফেডারেশনের সদস্য কবিতা চাকমা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা রাঙামাটির বিলাইছড়িতে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বান্দরবানের থানচিতে এক শিশুকে ধর্ষণ এবং রাজধানীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়ে চললেও অপরাধীদের দ্রুত বিচারের আওতায় না আনায় অপরাধ প্রবণতা কমছে না।
বক্তারা অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতি ধর্ষণ ও সহিংসতার ঘটনাকে উৎসাহিত করছে। তাই নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় দ্রুত তদন্ত, সুষ্ঠু বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
প্রতিবাদ সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল রাঙামাটি শহরের গুরুত্বপুর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় সমাবেশে মিলিত হয়।
এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, নারী অধিকারকর্মী এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।




