মো: তৌফিকুল হক, রায়পুরা, নরসিংদী : নরসিংদীর রায়পুরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন যুবকের ওপর এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে তিনজনই দগ্ধ হয়েছেন, তাঁদের মধ্যে একজনের চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পৌর শহরের হাসিমপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার শ্রীরামপুর এলাকার দ্বীপ রায় (১৯), একই এলাকার ওবায়দুল্লাহ (১৯) এবং রামনগরহাটি এলাকার আহমেদ সেজান (১৮)। তাঁদের উদ্ধার করে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্বজনদের অভিযোগ, আর্থিক লেনদেন সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। দ্বীপ রায়ের সঙ্গে হাসিমপুর মৌলভীবাজার এলাকার ‘লতা স্বর্ণ শিল্পালয়’-এর কর্মচারী উদয়ের বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় দ্বীপ ওই দোকানে গেলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়, যা একপর্যায়ে মারামারিতে রূপ নেয়।
পরে দ্বীপের বন্ধু ওবায়দুল্লাহ ও আহমেদ সেজান সেখানে গিয়ে ঘটনার কারণ জানতে চাইলে অভিযুক্তরা তাঁদের ওপর এসিড নিক্ষেপ করেন। এতে দ্বীপের দুই চোখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। অন্য দুইজনও শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হন।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুর রহমান জানান, আহতদের মধ্যে দ্বীপ রায়ের অবস্থা গুরুতর। তাঁর চোখের কর্নিয়ায় এসিড লেগে মারাত্মক ক্ষতি হয়েছে। তাঁকে জাতীয় চক্ষু ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অপর দুইজনকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।
ঘটনার পর অভিযুক্ত কর্মচারীরা দোকানে তালা দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দোকানের মালিক কেশব রায়কে আটক করেছে পুলিশ।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, দুই পক্ষের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল। এ ঘটনার জেরে এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।




