নিউজ ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন, ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন। আলোচনায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয় সম্পর্ক জোরদার এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনে নরওয়েসহ ইউরোপীয় দেশগুলোর সহযোগিতা চান স্পিকার।
রবিবার (১ নভেম্বর) স্পিকারের কার্যালয়ে পৃথকভাবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে সংসদীয় সম্পর্ক জোরদার, প্রতিনিধিদলের সফর বিনিময়, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম ও জুলাই সনদ নিয়ে আলোচনা হয়। স্পিকার রোহিঙ্গাদের প্রত্যাবাসনে নরওয়েসহ ইউরোপীয় দেশগুলোর সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ভোলাসহ উপকূলীয় এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে নরওয়ের কোম্পানিগুলোকে বিনিয়োগের আমন্ত্রণ জানান। নরওয়ের রাষ্ট্রদূত বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদানের প্রশংসা করেন এবং সংসদীয় গণতন্ত্রের বিকাশ ও মানবাধিকার সুরক্ষায় সহযোগিতার আশ্বাস দেন।
অন্যদিকে পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময় এবং পাকিস্তানের আইনসভা মজলিস-ই-শূরায় বাংলাদেশের সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের বিষয়ে আলোচনা হয়। এসময় তানজানিয়ায় অনুষ্ঠিত আইপিইউর ১৫৩তম সম্মেলনে নির্বাহী কমিটির সদস্য হিসেবে বাংলাদেশের প্রতিনিধি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে সমর্থন দেওয়ায় পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান স্পিকার।
আসন্ন সংসদ অধিবেশন পর্যবেক্ষণের জন্য হাইকমিশনারকে আমন্ত্রণ জানান তিনি। আগামী ২৩ নভেম্বর পাকিস্তানের স্পিকারের আমন্ত্রণে দেশটি সফর করবেন বাংলাদেশের স্পিকার।
স্পিকারের কার্যালয়ে পৃথকভাবে এই সাক্ষাৎকালে সংশ্লিষ্ট দুই দেশের দূতাবাসের প্রতিনিধি ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



