নাজমুল হোসেন : লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন ও চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকায় অবৈধভাবে পরিচালিত দুটি করাতকলে (স মিল) অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠান দুটিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ সুরক্ষা ও ব্যবসা পরিচালনায় আইন মেনে চলা নিশ্চিত করতে জকসিন ও মান্দারী এলাকায় দুটি করাতকলে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানগুলোর বৈধ কাগজপত্র ও প্রয়োজনীয় লাইসেন্স যাচাই করা হয়। লাইসেন্স না থাকায় ‘করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২’-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠান দুটিকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার টাকা আদায় করা হয়।
অভিযান পরিচালনাকারীরা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দ্রুত প্রয়োজনীয় লাইসেন্স নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে ব্যবসা পরিচালনায় প্রচলিত আইন ও বিধিমালা মেনে চলার বিষয়ে তাঁদের সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার। এ সময় লক্ষ্মীপুর জেলা বন বিভাগ, পুলিশ ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




