রংপুরে স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের মূল ঘটনা আড়াল করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের নেতারা।
তাদের দাবি, হত্যাকাণ্ডের পর পুলিশি তদন্তে রাখঢাক, অস্বচ্ছতা ও আলামত নষ্টের অভিযোগ জনমনে গভীর সন্দেহ সৃষ্টি করেছে। ঘটনার স্বচ্ছ ও স্বাধীন তদন্ত এবং জড়িতদের বিচারের দাবিতে করা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ দলটির নেতারা এমন দাবি করেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীতে রাজধানীর জিপিওর সামনে বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে দলটির নেতাকর্মীরা বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, পল্টন ও তোপখানা রোড এলাকায় বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে জাসদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
একই সঙ্গে সারা দেশে হত্যা, ধর্ষণ, বলাৎকার, নির্যাতন ও মব সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে দলটি।
সমাবেশে বক্তারা বলেন, গণপতি চক্রবর্তীর পরিবারের হত্যাকাণ্ড কোনো সাধারণ অপরাধ নয়। কিন্তু ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের পরিবর্তে তা আড়াল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তারা। হত্যাকাণ্ডের তদন্তে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান জাসদ নেতারা।
বক্তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে দেশে হত্যা, ধর্ষণ, বলাৎকার, নির্যাতন ও মব সহিংসতার ঘটনা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীগুলোকে রাজনৈতিক আনুগত্যের পরিবর্তে দক্ষতা, যোগ্যতা ও পেশাদারত্বের ভিত্তিতে পরিচালনা এবং প্রয়োজনীয় পুনর্গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
সমাবেশে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার, তার বিরুদ্ধে করা মামলা ও আদালতের রায় নিয়েও বক্তব্য দেন নেতারা। তারা অভিযোগ করেন, তাকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। তার বিরুদ্ধে দেওয়া রায় বাতিল, সব মামলা প্রত্যাহার এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।
জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং মোহাম্মদ মোহসীনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, জাতীয় শ্রমিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় কৃষক জোটের নেতা ও জাসদ সদস্য রতন কুমার দাসসহ কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতারা।




