সংস্কৃতি ডেস্ক: শ্রবণপ্রতিবন্ধী চিত্রশিল্পী ফারিনা সামহি নিথীর প্রথম একক চিত্রপ্রদর্শনী ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ শুরু হতে যাচ্ছে আগামী ১ আগস্ট। রাজধানীর বনানীতে অবস্থিত এশিয়াটিক সেন্টারের বাতিঘর আর্ট স্পেসে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
শিল্প ও সংস্কৃতির মাধ্যমে সামাজিক উন্নয়নে অবদান রেখে চলা মঙ্গলদ্বীপ ফাউন্ডেশনের আয়োজনে এ প্রদর্শনীর উদ্বোধন করা হবে বিকেল ৪টায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বরেণ্য অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন এবং গ্যালারি চিত্রকের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান।
ভার্টেক্স চেম্বার্স ও সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীতে অ্যাক্রেলিক মাধ্যমে আঁকা ফারিনার বাছাই করা কিছু চিত্রকর্ম প্রদর্শিত হবে। শব্দে যা বলা যায় না, রং, আকার ও অবয়বের মাধ্যমে তা প্রকাশ করা যায় বলে বিশ্বাস করেন ফারিনা। সেই ভাবনা থেকেই তাঁর প্রথম একক প্রদর্শনীর নামকরণ করা হয়েছে ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’।
প্রদর্শনীটি চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য এটি উন্মুক্ত থাকবে।




