নারায়ণগঞ্জ প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয় মাস না যেতেই নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ডাকে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সোনারগাঁ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান উন্নয়নমূলক দৃশ্যমান কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উন্নয়নমূলক কাজগুলো সরেজমিনে ঘুরে দেখেন তিনি। এ সময় উপজেলার সাদিপুর ও জামপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের পানিবন্দি থাকার দুর্ভোগের বিষয়টি সাবেক নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় সংসদ সদস্যের পুত্র খায়রুল ইসলাম সজীব বিভাগীয় কমিশনারের কাছে তুলে ধরেন।
সাধারণ মানুষের এই চরম দুর্ভোগের কথা শোনার পর তিনি তাৎক্ষণিকভাবে এলাকাটি পরিদর্শন করেন এবং দ্রুত এই জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরিদর্শনকালে তিনি সাদিপুর ইউনিয়নের পার্শ্ববর্তী একটি পানি নিষ্কাশন পাইপ ড্রেনের উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিন্নাত, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।




