নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে স্বামী, স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে নারায়ণগঞ্জ মডেল থানা পুলিশ। গতকাল সোমবার বিকেলে ফ্ল্যাটের দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন– হাবিবুল্লাহ শিপলু (৩৫), তাঁর স্ত্রী মোহিনী আক্তার মীম (২৫) ও ছেলে আফরান (৪)।
সদর থানার ওসি নাসির আহমেদ জানান, চতুর্থ তলার ওই ভাড়া বাসার দরজা ভেতর থেকে আটকানো ছিল। স্থানীয়রা নিহত শিপলুর আত্মীয়স্বজনের উপস্থিতিতে দরজা ভেঙে ঘরে ঢোকেন। শিপলুর মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল। পরে পুলিশের উপস্থিতিতে সেটি নামানো হয়। অন্য একটি কক্ষে ছিল শিপলুর স্ত্রী ও ছেলে আফরানের মরদেহ। তাদের মুখের ওপর বালিশ চাপা দেওয়া ছিল।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিপলু স্ত্রী-পুত্রকে শ্বাসরোধে হত্যা করে পরে আত্মহত্যা করেছেন। রমজান নামের এক ব্যক্তির গড়া সমিতির ম্যানেজার ছিলেন শিপলু। সমিতিটি করোনাকালে বন্ধ হয়ে যায়। গ্রাহকরা সমিতির কাছে টাকা পাওনা রয়েছেন বলে জানা যায়। এর সঙ্গে আত্মহত্যার যোগসূত্র আছে কিনা– তাৎক্ষণিক সেটি ওসি জানাতে পারেননি।
ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পলাশ (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর রায়পুরায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে মানিক মিয়া (৬৫) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাত আনুমানিক দেড়টার দিকে রায়পুরার জঙ্গি শিবপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাজার থেকে বাড়ি ফেরার পথে মানিক মিয়াকে আড়িয়াল খাঁ নদীর পাড়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। কী কারণে এ হত্যাকাণ্ড সে সম্পর্কে নিহতের পরিবার ও রায়পুরা থানার পুলিশ তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, মানিক মিয়ার ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পরিবারের সঙ্গে কথা বলেও হত্যার কারণ সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।



