নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণে ভারত আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বিষয়টি নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা হবে।
মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, ভারত সরকার বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়ার অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী। আলোচনা সাপেক্ষে নির্বাচন পর্যবেক্ষণে ভারত থেকে প্রতিনিধি পাঠানোর বিষয়ে আগ্রহের কথা জানানো হয়েছে।
সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকের শুরুতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে শুভেচ্ছা জানান ভারতীয় হাইকমিশনার। একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তাঁকে অভিনন্দন জানান তিনি।
বৈঠকে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে মুক্তবাণিজ্যের সম্ভাবনা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
ভারতীয় হাইকমিশনার স্থানীয় সরকার খাতে দক্ষতা উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ে তাঁর দেশের আগ্রহের কথা জানান। ভারতের হায়দরাবাদে অবস্থিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়ার সুযোগ তৈরির প্রস্তাবও দেন তিনি।
বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। চলতি অর্থবছরের মধ্যে স্থানীয় সরকারের পাঁচটি স্তরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।
সাক্ষাতে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ানকুমার তুলশিদাস বাধেসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




