নিজস্ব প্রতিবেদক: দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে ঐকমত্যে পৌঁছেছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে অংশ নিয়ে দলের নেতারা বলেছেন, বাংলাদেশকে দুর্বল ও নতজানু ভাবার কোনো কারণ নেই।
বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে দুই ঘণ্টার বেশি সময় চলা সংলাপে রাজনৈতিক দলের নেতারা এসব কথা বলেন। এতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা অংশ নেন। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, তাদের সহযোগী এবং দোসর হিসেবে পরিচিত দলগুলোর প্রতিনিধিরা ছিলেন না।
সংলাপ শেষে সন্ধ্যা পৌনে সাতটার দিকে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি জানান, সাম্প্রতিক ভারতের মিথ্যাচার, আগ্রাসনসহ নানা বিষয়ে সংলাপে আলোচনা হয়েছে। দেশের প্রশ্নে কোনো ছাড় নয় বলে নেতারা একমত হয়েছেন।



