নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই একমাত্র প্রেসিডেন্ট, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মঙ্গলবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের মানুষের প্রতি জিয়াউর রহমানের দায়িত্ববোধ, সততা ও সাধারণ জীবনযাপন রাজনৈতিক কর্মীদের জন্য অনুসরণীয়। বিএনপির নেতা-কর্মীদের তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
গণতন্ত্র প্রসঙ্গে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। জনগণের প্রত্যক্ষ ভোটেই সরকার গঠিত হয়। কোনো সরকারই চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারেনি। সময়ের পরিক্রমায় অনেক শক্তিশালী শাসক ও সরকারেরও বিদায় হয়েছে। তাই জনগণই রাষ্ট্রীয় ক্ষমতার প্রকৃত উৎস।
কৃষি প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি ও কৃষিকাজের সঙ্গে যুক্ত। কৃষকের অর্থনৈতিক উন্নয়ন হলে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হবে। কৃষকের উন্নয়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
তিনি বলেন, কৃষির উন্নয়ন ও কৃষকের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার প্রস্তুত। কৃষকের ঋণ মওকুফসহ কৃষিকাজে প্রয়োজনীয় সহায়তা এবং কৃষকের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
কৃষিপণ্য উৎপাদন নিয়ে মন্ত্রী বলেন, একসময় দেশে কৃষিপণ্য আমদানি করতে হতো। এখন অন্তত পেঁয়াজের ক্ষেত্রে আমদানিনির্ভরতা কমেছে। ভবিষ্যতে পেঁয়াজসহ আরও কিছু কৃষিপণ্যের আমদানি কমিয়ে রপ্তানির পরিকল্পনা রয়েছে সরকারের।
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে সভায় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া এমপি, সহসাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়াসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।




