বরিশাল প্রতিবেদক: ‘পুলক চ্যাটার্জির স্মৃতি আমাদের মনে চিরকাল বেঁচে থাকবে। তার অবদান এবং মানবিক গুণাবলীর জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ। তিনি ছিলেন একজন সত্যিকারের সাংবাদিক, যিনি তার কাজের মাধ্যমে সমাজের জন্য একটি আলোকবর্তিকা হয়ে উঠেছিলেন। তার চলে যাওয়ার শূন্যতা কখনো পূরণ হবে না, তবে তার আদর্শ ও মূল্যবোধ আমাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।’
বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরোপ্রধান পুলক চ্যাটার্জির স্মরণসভায় পুলক চ্যাটার্জির পেশাগত নিষ্ঠা, সহকর্মীদের প্রতি তার আন্তরিকতা এবং বিপদে পাশে দাঁড়ানোর বিভিন্ন স্মৃতি তর্পণ করেন তাঁর সহকর্মীরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল প্রেসক্লাবের হলরুমে এ স্মরণসভার আয়োজন করা হয়। সভায় পুলকের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত এবং শ্বেতপত্র প্রকাশের দাবিও ওঠে।
স্মরণসভায় সাংবাদিক নাসিমুল আলম বলেন, কর্মক্ষেত্রে মতের ভিন্নতা থাকলেও পুলক ব্যক্তিগত সম্পর্ককে কখনো তার সঙ্গে জড়াতেন না। সহকর্মীদের প্রতি তার আন্তরিকতা ও স্নেহ তাকে সবার কাছে আলাদা করে তুলেছিল।
সাংবাদিক হুমায়ুন কবির বলেন, সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে পুলক ছিলেন দায়িত্বশীল ও পেশাদার। তরুণ সাংবাদিকদের তিনি পরামর্শ দিতেন এবং পেশাগত নানা সমস্যায় সহযোগিতা করতেন। তার সঙ্গে কাজ করতে গিয়ে গড়ে ওঠা সম্পর্ক অনেকের ক্ষেত্রেই পারিবারিক বন্ধনে পরিণত হয়েছিল।
সাংবাদিক এম জহির বলেন, ‘পুলক দার কাছে সাংবাদিকরা শুধু সংবাদ নিয়ে যেতেন না, ব্যক্তিগত ও পেশাগত সমস্যার কথাও বলতেন। তিনি মনোযোগ দিয়ে শুনতেন এবং সাধ্য অনুযায়ী পাশে দাঁড়াতেন। তার চলে যাওয়ায় সাংবাদিক সমাজে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
স্মরণসভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার বলেন, ‘পুলক চ্যাটার্জির মৃত্যুর প্রকৃত কারণ জানতে আমরা শ্বেতপত্র চাই।’
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, পুলক চ্যাটার্জির মৃত্যু অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি নিজেকে শেষ করার আগে পাঁচটি চিঠি লিখেছিলেন। এই চিঠিগুলোর মধ্যে তার আত্মহননের উত্তর দিয়ে গেছেন।
সভাপতির বক্তব্যে পুলকের কর্মময় জীবনের স্মৃতি তুলে ধরেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
আরও বক্তব্য দেন বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার, বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান রাজন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল, কাজী মেহেরুন্নেছা বেগম, জ্যেষ্ঠ সাংবাদিক অরূপ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, আকতার ফারুক শাহীন, প্রেসক্লাবের সহসভাপতি জাকির হোসেন ও হুমায়ুন কবির, পুলক চ্যাটার্জির ভাই দীপক চ্যাটার্জিসহ অন্যরা।
এ সময় পুলক চ্যাটার্জির সহধর্মিণী প্রিয়াঙ্কা চ্যাটার্জি, বরিশাল প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক এম মোফাজ্জলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরে বরিশাল প্রেসক্লাবের পক্ষ থেকে পুলক চ্যাটার্জির পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন মজিবর রহমান সরোয়ার ও বিলকিস আক্তার জাহান শিরীন।




