ঢাকা  শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকা১০৫ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল অভিযাত্রা ১ জুলাই

১০৫ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল অভিযাত্রা ১ জুলাই

নিউজ ডেস্ক: দেশের উচ্চশিক্ষা, গণতান্ত্রিক আন্দোলন এবং বুদ্ধিবৃত্তিক নেতৃত্বের অন্যতম প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় আজ (১ জুলাই) উদযাপন করছে প্রতিষ্ঠার ১০৫তম বর্ষপূর্তি। এবারের প্রতিপাদ্য ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’। দিনটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়জুড়ে শোভাযাত্রা, আলোচনা সভা, পতাকা উত্তোলন, বিশেষ স্মরণিকা প্রকাশ এবং সাংস্কৃতিক আয়োজনসহ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষণা অনুযায়ী, উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন পায়রা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিয়মিত ক্লাস বন্ধ থাকলেও পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে উপাচার্য ভবন, ঐতিহাসিক কার্জন হল, কলাভবন, টিএসসি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনটি স্মরণীয় করে তুলতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে দেওয়া পৃথক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্যের কথা স্মরণ করেন। তিনি বলেন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। সেই ঐতিহ্য ভবিষ্যতেও সমুন্নত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তাঁর বাণীতে আরও বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের বাস্তবতায় উচ্চশিক্ষাকে সময়োপযোগী করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি, কোয়ান্টাম কম্পিউটিং, ন্যানোটেকনোলজি, ডিজিটাল উদ্যোক্তা উন্নয়ন এবং গবেষণাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে সমন্বয় জোরদার করে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, বাংলাদেশের প্রতিটি ঐতিহাসিক সন্ধিক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয় দায়িত্বশীল ও নেতৃত্বদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা পালন করেছে। তাঁর ভাষায়, গণঅভ্যুত্থান-পরবর্তী এই প্রতিষ্ঠাবার্ষিকী নতুন প্রজন্মকে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের অঙ্গীকার আরও দৃঢ়ভাবে স্মরণ করিয়ে দেয়।-

দিবসটি উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত নীলক্ষেত ও ফুলার রোডসংলগ্ন এলাকায় যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে। ১০৫ বছরের গৌরবময় পথচলায় ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও জ্ঞান, গবেষণা, মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনার আলোকবর্তিকা হিসেবে নতুন অঙ্গীকার নিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular