মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির করা রাজনৈতিক মামলায় আজকের পত্রিকার ও আরটিভি অষ্টগ্রাম প্রতিনিধি মো. ফরিদ রায়হানকে আসামি করা হয়েছে।
গত ৯ নভেম্বর (শনিবার) অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাক মিয়া (৩০) বাদী হয়ে ২০২৩ সালে এক ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের ৯৩ জন নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এই মামলায় হয়রানি করার উদ্দেশ্যে ৬৯ নম্বর আসামি করা হয়েছে আজকের পত্রিকা ও আরটিভি’র প্রতিনিধি মো. ফরিদ রায়হানকে। রাজনৈতিক মামলায় সাংবাদিক কে আসামি করায় তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিক ও সুশীল সমাজ।
এই বিষয়ে সাংবাদিক মো. ফরিদ রায়হান বলেন, আমি প্রতিহিংসার শিকার হলাম। মিথ্যা মামলা’র আসামী হলাম। গত ১৬বছর কোন রাজনীতি না করে, পেশাদারিত্বের সাথে গণমাধ্যম কাজ করেছি। সামাজিক ও মানবিক কাজ করেছি। তার স্বাক্ষী অষ্টগ্রাম উপজেলাবাসী। আজ রাজনৈতিক মিথ্যা মামলা’য় আমাকে হয়রানি করতে আসামি করা হয়েছে।
সাংবাদিককে মিথ্যা মামলায় জড়ানো ‘দুষ্কৃতকারী’দের বিচারের দায়িত্ব জনগণের। সাংবাদিক, সাংবাদিক সংগঠন ও প্রশাসনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবি করেন সাধারণ মানুষ।
মামলার বাদী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাক মিয়া বলেন, দলীয় মামলায় সাংবাদিক কে আসামি করা হয়েছে তিনি দোষী বিধায়, এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাথে কথা বলার জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও সম্ভব হয়নি।
কিশোরগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরী বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা এটা দুঃখজনক। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। নতুবা সাংবাদিক সমাজ প্রতিবাদে রাস্তায় নামবে। কোন সাংবাদিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করার জন্য দাবি করেন।
অষ্টগ্রাম সার্কেল এএসপি সামুয়েল সাংমা জানান, মামলা রেকর্ড হবার পর সাংবাদিকের নাম শুনেছি, বিষয়টা তদন্ত করে তিনি জড়িত না থাকলে চার্জশিট থেকে বাদ দেওয়া হবে।



