নিউজ ডেস্ক : এশিয়ান কাপে খেলার স্বপ্ন পূরণ হয়েছে। এবার সবুজ গালিচায় নিজেদের প্রমাণের পালা। নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশে আজ রাতে ঢাকা ছাড়ছেন আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমারা।
১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার তিন শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান নারী ফুটবলের সর্বোচ্চ আসর। গ্রুপ ‘বি’তে বাংলাদেশ খেলবে ৯ বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, তিনবারের চ্যাম্পিয়ন চীন এবং উজবেকিস্তানের বিপক্ষে। সিডনিতে ৩ মার্চ নিজেদের প্রথম ম্যাচে চীনের মুখোমুখি হবে পিটার বাটলারের দল।
প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার রোমাঞ্চ এখন বাংলাদেশ নারী দলের মধ্যে। বিশ্রামের এক ফাঁকে রিকশায় চড়া ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে ঋতুপর্ণা জানিয়ে দিয়েছেন, তাদের সামনের গন্তব্য কোথায়। সবার মধ্যে অন্যরকম ভালোলাগা কাজ করছে।
অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ খেলে আসার পর পুরো দলকে নিয়ে একসঙ্গে অনুশীলন করিয়েছেন বাটলার। তাঁর দলে আছেন সুইডেনপ্রবাসী আনিকা। কিন্তু বড় মঞ্চে শক্তিশালী দলের বিপক্ষে লড়াইয়ের জন্য যে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন ছিল, তা নিতে পারেননি বাংলাদেশের মেয়েরা। বিশেষ করে কোচ বাটলারের চাওয়া অনুযায়ী বিদেশে ক্যাম্পের ব্যবস্থা করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
যদিও শুরুতে বাফুফে কর্তারা বলেছিলেন, থাইল্যান্ডে ক্যাম্প করে সেখান থেকে অস্ট্রেলিয়া যাবে। থাইল্যান্ডের ক্যাম্প বাতিল হওয়ার কারণে একটু আগেই অস্ট্রেলিয়াতে যাচ্ছেন মনিকা চাকমা-মারিয়া মান্দারা। সিডনিতে গিয়ে স্থানীয় কোনো ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে মেয়েদের।
গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে বাংলাদেশের টার্গেট উজবেকিস্তান। প্রায় সমশক্তির এই দলটির সঙ্গে বাংলাদেশ খেলবে ৯ মার্চ পার্থে। সেই ম্যাচ জিতলে সেরা দুই রানার্সআপের একটি হওয়ার সম্ভাবনা থাকবে।



