ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকাআশুলিয়ায শ্রমিক অসন্তোষ, ২৫ কারখানায় ছুটি ঘোষণা

আশুলিয়ায শ্রমিক অসন্তোষ, ২৫ কারখানায় ছুটি ঘোষণা

নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধ ও বিনা কারণে চাকরিচ্যুতি বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার শ্রমিকেরা।

এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে ৪ থেকে ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার বিভিন্ন এলাকার ২৫টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে আশুলিয়ার জিরাবো এলাকার নাঈম নিটওয়্যারের শ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কর্মবিরতি পালন শুরু করেন। পরে তারা কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ করেন।

একপর্যায়ে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকদেরও বের করে আনার চেষ্টা করেন তারা। এ সময় কয়েকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ গেলে শ্রমিকদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের সৃষ্টি হয়।

এদিকে একই দাবিতে আশুলিয়ার কাঠগড়া, নিশ্চিন্তপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরাও বিক্ষোভ করেন। তাদের একটি অংশ বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে ও টিয়ার শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেন।

নিউএইজ গ্রুপের এক নারী শ্রমিক জানান, সকাল থেকেই তাদের কারখানায় কাজ বন্ধ ছিল। আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা এসে তাদের কারখানার শ্রমিকদেরও বাইরে বেরিয়ে আসতে বলেন। পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় নিউএইজ গ্রুপের শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে চলে যান।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধ এবং যখন-তখন চাকরিচ্যুতি বন্ধ করা। শ্রমমন্ত্রী অক্টোবরের মধ্যে মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছিলেন।

কিন্তু তা না হওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তিনি বলেন, শুক্রবার রাতে শ্রম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে আগামী রোববারের মধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরুর সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে বৈঠকের এ সিদ্ধান্ত বা বার্তা সাধারণ শ্রমিকদের কাছে সঠিকভাবে না পৌঁছানোয় তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়ার বিভিন্ন এলাকার ২৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে ৪ থেকে ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে টিয়ার শেল নিক্ষেপ করতে হয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular