আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালিয়েছে। ইরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলসহ তেহরানের প্রাণকেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উড়তে দেখা গেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এই হামলা চালানো হয় বলে জানা গেছে।
ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জমহুরি এলাকায় আঘাত হেনেছে।
শনিবার ১৫:০৫ টা
যুদ্ধ বন্ধে চীনের আহ্বান
চীন তাৎক্ষণিক যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। ইরানের জন্য নৈতিক সংহতি প্রকাশ করেছে।
শনিবার ১৪:৫৬ টা
ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত থাকবে: আইআরজিসি
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ইসরায়েল এবং পুরো অঞ্চল জুড়ে থাকা মার্কিন ঘাঁটি ও স্বার্থের ওপর তাদের হামলা ‘অব্যাহত’ থাকবে। ইরানের সংবাদ সংস্থা ‘ফার্স নিউজ’ আইআরজিসি’র একটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। ওই সূত্রটি নিশ্চিত করেছে যে, এই আক্রমণগুলোতে কোনো বিরতি দেওয়া হবে না বরং তা অবিরাম চলতে থাকবে।
শনিবার ১৪:৫০ টা
ইরানের ওপর ট্রাম্পের হামলা ‘অবৈধ ও অসাংবিধানিক’
ইরানের ওপর ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সামরিক হামলাকে ‘অবৈধ এবং অসাংবিধানিক’ বলে অভিহিত করেছেন মার্কিন সিনেটর এডওয়ার্ড জে. মার্কি। এক বিবৃতিতে তিনি এই হামলার তীব্র সমালোচনা করেন।
শনিবার ১৪:৪০ টা
জরুরি ভিত্তিতে জাতিসংঘে বৈঠক ডেকছেন ইমানুয়েল ম্যাক্রোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জরুরি ভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা সভার বৈঠক ডেকেছেন। তার মতে এই যুদ্ধ এখনই বন্ধ হতে হবে। নাহলে বিশ্বশান্তি নড়বড়ে হয়ে যাবে। তিনি জানান, শান্তিপূর্ণ আলোচনাই একমাত্র পথ।
শনিবার ১৪:০০ টা
টেলিভিশনে ভাষণ দেবেন আয়াতুল্লাহ আলী খামেনি
কিছুক্ষণের মধ্যেই টিভিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভাষণ প্রচারিত হবে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
শনিবার ১৪:০০ টা
ইরানের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১
দক্ষিণ ইরানের মিনাব শহরে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা (IRNA) এই তথ্য নিশ্চিত করেছে।
হামলায় এখন পর্যন্ত ৫১ জন নিহত এবং আরও অন্তত ৬০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। হামলার সময় স্কুলটিতে মোট ১৭০ জন শিক্ষার্থী ছিল। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের অধিকাংশের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে।
শনিবার ১৪:০০ টা
আক্রমণকারীদের উপযুক্ত শিক্ষা দেবে ইরান: আব্বাস আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
তিনি জানান, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী এই পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে এবং তারা আক্রমণকারীদের এমন শিক্ষা দেবে যার তারা যোগ্য।
শনিবার ১৪:০০ টা
ইরানে হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া
ইরানের ওপর ইসরায়েল-মার্কিন যৌথ হামলার কঠোর নিন্দা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক ফোনালাপে তিনি এই নিন্দা জানান।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফোনালাপ চলাকালীন লাভরভ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আক্রমণকে একটি ‘উস্কানিমূলক সশস্ত্র হামলা’ হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে তিনি এই হামলা অবিলম্বে বন্ধ করার জন্য জোর দাবি জানান।
শনিবার ১৪:০০ টা
সিরিয়ায় ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত ৪
দক্ষিণ সিরিয়ার সুয়াইদা শহরের শিল্প এলাকায় একটি ভবনের ওপর ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানায় ৪ জন নিহত ও কয়েকজন আহত হয়েছে।
শনিবার ১৩:০০ টা
ইরানে নিহত বেড়ে ৪০
ইরানের প্রেস টিভি জানায়, দক্ষিণ ইরানের মিনাব শহরের ‘শাজারেহ তাইয়্যেবা’ প্রাথমিক বিদ্যালয়ে বিমান হামলায় অন্তত ২৪ জন ছাত্রীসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে। নিহত ছাত্রীদের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে। হামলায় অন্তত ৪৫ জন আহত হয়েছেন।
হামলার সময় স্কুলটিতে ১৭০ জন ছাত্রী ছিল। বিমান হামলার ফলে স্কুলের ভবনটি ধসে পড়ে এবং ভেতরে থাকা অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
শনিবার ১৩:০০ টা
ইরানে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ২৪
দক্ষিণ ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। ইরানের ফার্স সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।
শনিবার ১২:০০ টা
ইসরায়েলি হামলায় ইরানের প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী নিহত
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে যে, দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশের মিনাব শহরে অবস্থিত একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় আঘাত হেনেছে। এতে ৫ জন শিক্ষার্থী নিহত হয়েছে। তবে কোনো আহতের খবর পাওয়া যায়নি।
শনিবার ১২:০০ টা
তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত আরব আমিরাতের
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, আজ সংযুক্ত আরব আমিরাত ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের শিকার হয়েছে।
আমিরাতি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত দক্ষতার সঙ্গে এই হামলা মোকাবিলা করেছে এবং বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করা হয়েছে বলে খালিজ টাইমস রিপোর্ট করেছে।
শনিবার ১২:০০ টা
ইরাকে বিমান হামলায় আল-শাবির দুই যোদ্ধা নিহত
ইরাকের বাগদাদের দক্ষিণে জুর্ফ আল-সাখর এলাকায় বিমান হামলায় হাশদ আল-শাবির অন্তত দুই যোদ্ধা নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন।
পপুলার মোবিলাইজেশন ফোর্সেস-এর একজন মুখপাত্র রয়টার্স নিউজ এজেন্সিকে এই তথ্য নিশ্চিত করেছেন।
পিএমএফ যা আরবিতে হাশদ আল-শাবি নামেও পরিচিত, মূলত শিয়া আধাসামরিক গোষ্ঠীগুলোর একটি জোট। এই জোটের বেশ কয়েকটি দল ইরানের সঙ্গে সরাসরি মিত্রতা বজায় রাখে।
শনিবার ১২:০০ টা
দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান
জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, জর্ডানের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে। কে ক্ষেপণাস্ত্রগুলো ছুঁড়েছে তা স্পষ্ট ছিল না।
শনিবার ১১:০০ টা
মার্কিন-ইসরায়েলি হামলায় খামেনি ও পেজেশকিয়ান লক্ষ্যবস্তু, ফলাফল এখনো অস্পষ্ট
শনিবার ইরানে চালানো হামলায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পিজেশকিয়ানকে লক্ষ্যবস্তু করেছে। তবে এই হামলার ফলাফল এখনো অস্পষ্ট বলে রয়টার্সকে জানিয়েছেন একজন ইসরায়েলি কর্মকর্তা।
শনিবার ১১:০০ টা
ইসরায়েল-মার্কিন হামলায় আইআরজিসির বেশ কয়েকজন কমান্ডার নিহত
ইরানের আধাসামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে যে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বেশ কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন।
শনিবার ১১:০০ টা
ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আবুধাবিতে একজন নিহত: রিপোর্ট
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর কমপক্ষে একজন নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে।
সংযুক্ত আরব আমিরাত বলেছে, ‘‘এই আক্রমণ জাতীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’। তারা আরও যোগ করেছে যে ‘এই উত্তেজনার প্রতিশোধ নেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে।’’
শনিবার ১১:০০ টা
উপসাগরীয় দেশগুলো তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে
ইরানে ইসরায়েলি বিমান হামলার পর ওই অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
শনিবার ১১:০০ টা
একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা
সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে যে, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহরাইন জুড়ে অবস্থিত বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান।
শনিবার ১১:০০ টা
ইরানে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন
রয়টার্স ইরানি সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, পূর্ব ও পশ্চিম তেহরানের কিছু অংশে মোবাইল ফোন লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
শনিবার ১১:০০ টা
কুয়েতে বিস্ফোরণ ও সাইরেনের শব্দ
সংবাদ সংস্থা এপি প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার মধ্যে কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সাইরেন বাজানো হয়েছে। কুয়েতে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের একটি ঘাঁটি অবস্থিত।
শনিবার ১১:০০ টা
আবুধাবিতে বিস্ফোরণের শব্দ
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে যে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আবুধাবিতে মার্কিন সামরিক কর্মীদের একটি ঘাঁটি রয়েছে।
শনিবার ১১:০০ টা
এক নজরে
> ইরান কাতার, বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করেছে।
> বাহরাইন নিশ্চিত করেছে যে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
> কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
> সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে একটি বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
> কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
> এর আগে, ইরানের আইআরজিসি নিশ্চিত করেছে যে তারা মার্কিন-ইসরায়েলি হামলার পর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুঁড়েছে।
শনিবার ১১:০০ টা
ইরানে হামলা অব্যাহত থাকবে: ইসরায়েল
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে, ইরানজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান বাহিনীর হামলা চলমান রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী এটি অব্যাহত থাকবে
শনিবার ১১:০০ টা
ইরানে হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র তার আসল রূপ দেখিয়েছে: রুশ কর্মকর্তা
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র এবং বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র সামরিক অভিযানের আগে ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনাকে একটি ছদ্মবেশী হিসেবে ব্যবহার করেছে।
টেলিগ্রামে মেদভেদেভ বলেন, ‘শান্তি রক্ষাকারী (যুক্তরাষ্ট্র) আবারও তার আসল রূপ দেখিয়েছে।’
তিনি বলেন, ‘ইরানের সঙ্গে সমস্ত আলোচনা ছিল একটি ছদ্মবেশী অভিযান । এ নিয়ে কারো কোনো সন্দেহ ছিল না। আসলে কেউই কোনো বিষয়ে একমত হতে চায়নি।’
শনিবার ১০:০০ টা
‘অপারেশন রোয়ার অব দ্য লায়ন’
ইরানে চালানো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন রোয়ার অব দ্য লায়ন’। এই নাম দিয়েছে ইসরায়েল।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এই হামলা চালানো হয় বলে জানা গেছে।
ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালিয়েছে।
শনিবার ১০:০০ টা
বাহরাইনে বিস্ফোরণ
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটছে।
বাহরাইন নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
শনিবার ১০:০০ টা
কাতারের আকাশে ইরানের ক্ষেপণাস্ত্র ভূপাতিত
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে প্রতিহত বা ভূপাতিত করা হয়েছে।




