নিউজ ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বাজারে দাম সহনীয় ও স্থিতিশীল রাখতে অপরিশোধিত ও পরিশোধিত চিনির ওপর বিদ্যমান রেগুলেটরি ডিউটি ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছে ।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বুধবার (৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।
সূত্র জানিয়েছে, রেগুলেটরি ডিউটি ১৫ শতাংশ কমানোর মাধ্যমে আমদানি পর্যায়ে প্রতি কেজি অপরিশোধিত চিনির ওপর শুল্ক কর ১১.১৮ টাকা এবং পরিশোধিত চিনির ওপর শুল্ক কর ১৪.২৬ টাকা কমে আসবে।
চিনির কেজিপ্রতি মূল্য শুল্ক হ্রাসের সমপরিমাণ কমে আসবে বলে মনে করে এনবিআর। এই শুল্ক কর কমানোর ফলে অবৈধ পথে চিনির চোরাচালান নিরুৎসাহিত হবে এবং বৈধ উপায়ে আমদানি বাড়বে বিধায় শুল্ক কর আদায়ের পরিমাণ বৃদ্ধি পাবে।



