নিউজ ডেস্ক : প্রসিকিউশন বলছে, সংস্কার কাজ শেষ হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে সরকারের কাছে আবেদন করবেন তারা।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন জুলাই-আগস্ট গণহত্যার দ্রুত বিচার করতে আরও এক থেকে দুইটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার আবেদন করবে। প্রধান বিচারপতির অনুমোদনের পর হাইকোর্টের পুরাতন চারটি ভবনের মধ্যে এরইমধ্যে একটির সংস্কার কাজ পুরোপুরি শেষ হয়েছে।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, জরাজীর্ণ, ব্যবহার অনুপযোগী ভবনকে দৃষ্টিনন্দন করতে দিন-রাত কাজ করছেন গণপূর্তের নির্মাণ শ্রমিকরা। দুই থেকে তিন মাসের মধ্যে শেষ হবে সংস্কার কাজ।বিচারের জন্য প্রস্তুত মূল ভবন। পেছনের ভবনগুলোতেও চলছে সংস্কারের তোড়জোড়।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন একটি ভবনে এক থেকে দুটি এজলাস তৈরির কথা ভাবছে । আরেকটি ভবন প্রস্তুত করা হচ্ছে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অফিস হিসেবে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, জুলাই-আগস্টের গণহত্যার মামলার চাপ সামলাতে এবং দ্রুত বিচার নিশ্চিতে এ পরিকল্পনা তাদের।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের আমলের ১০ মন্ত্রী, দুই উপদেষ্টা, আমলা, পুলিশের ২৪ জনসহ মোট ৬৮ জনের বিচার চলছে।



