গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক মোক্তার হোসেনের অব্যাহতি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে গফরগাঁও প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে উপজেলা ছাত্রদল।
মানববন্ধনে বক্তারা বলেন,গত ২৬ মার্চ পৌর এলাকার কলেজ ঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিডব্লিউটিএ) খননযন্ত্র ও লোকজনের উপর চরাঞ্চলের কিছু দুষ্কৃতকারী হামলা চালিয়ে ভাংচুর-মারধর করে।পরে তাদের সাহায্যে উপজেলা ছাত্রদলের আহবায়ক মোক্তার হোসেন দলীয় নেতাকর্মীদের নিয়ে এগিয়ে এলে অভিযুক্তরা তাদের উপরও হামলা চালায়।এসময় এই দুস্কৃতিকারীরা তাদের ১০ /১২ টি মোটরসাইকেল ভাংচুর করে আগুনে পুড়িয়ে দেয়। এ ঘটনায় মোক্তার হোসেনের বিরুদ্ধে একটি বিশেষ মহল অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করে।ঘটনার দিন ষড়যন্ত্রের শিকার উপজেলা ছাত্রদলের আহবায়ক মোক্তার হোসেনকে কেন্দ্রীয় ছাত্রদল বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় পদবি থেকে অব্যাহতি দেন।এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে আহবায়ককে পুনর্বহালের জোর দাবি জানান উপজেলা ছাত্রদল।ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন বিআইডব্লিউটিএর উপসহকারি প্রকৌশলী আকবর হোসেন,খননকারী ঠিকাদার প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থাপক হাবিবুর রহমান,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন,শ্রমিকদলের সাবেক আহবায়ক গফুর হাসান,পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস ছালাম বেপারী,উপজেলা যুবদলের আহবায়ক সর্দার মো. খুররম, উপজেলা ছাত্রদলের সদ্য অব্যাহতিপ্রাপ্ত আহবায়ক মো. মোক্তার হোসেন হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।




