গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা, দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর থেকে গফরগাঁও রেলওয়ে স্টেশন ও পাশ্ববর্তী এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেলওয়ে কর্তৃপক্ষ। সন্ধ্যা পর্যন্ত অভিযানে প্রায় অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে’র ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল কুমার সাহা। এ সময় সেনাবাহিনী সদস্য এবং রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা উপস্থিত ছিলেন। আচমকা উচ্ছেদ অভিযান পরিচালনা করায় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা অসন্তোষ প্রকাশ করেন। স্থানীয় ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন,’খুব সংক্ষিপ্ত সময়ের নোটিশ দেওয়ায় অনেকেই মালামাল সরিয়ে নিতে পারেনি।’ গফরগাঁও রেলস্টেশন মাস্টার হানিফ আলী বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন ভূসম্পত্তি বিভাগ। অবৈধ দখলদারদের নিয়ম অনুযায়ী নোটিশ করা হয়েছে।
রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা শিমুল কুমার সাহা জানান, দীর্ঘদিন ধরে গফরগাঁও রেল লাইনের পার্শ্ববর্তী এলাকায় রেলওয়ে সম্পত্তির উপরে অবৈধভাবে অর্ধ শতাধিক স্থাপনা গড়ে তোলে ব্যবসা-বাণিজ্য করে আসছিলেন কতিপয় দখলদার ব্যক্তি। রেলওয়ের মূল্যবান জায়গা অবৈধ দখলদারদের নিকট থেকে উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।




