চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের সময় প্রক্টরিয়াল বডির কাছে হাতেনাতে ধরা পড়েছে ৫ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী।
সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টায় আলাওল হলের ২৩৪ নম্বর রুম থেকে তাদের আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। নিরাপত্তা কর্মীদের উপস্থিতিতে ৫ জন থেকে গাঁজার প্যাকেট উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাইদ বিন কামাল।
আটককৃতরা হলেন – রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হক, দর্শন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী টুটুল হাসান, বাংলাদেশ স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনোয়ারুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মানিক মিয়া ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিজান মিয়া।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ডিসকো (ডিসেবল স্টুডেন্ট সোসাইটি অব চিটাগাং ইউনিভার্সিটি) সভাপতি শিহাব উদ্দিন বলেন, ‘ আজকের ঘটনায় যে পাঁচজন অপরাধী ধরা পড়েছে তাদের দায় আমাদের সংগঠন (ডিসকো) নিবে না। আমাদের সংগঠন সবসময় মাদকের বিরুদ্ধে কাজ করেছে। আজকের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে সিদ্ধান্ত নিবে তাতে আমাদের সংগঠনের কোনো আপত্তি নেই। তবে আমাদের একটাই দাবি শিক্ষা বা অন্যান্য ক্ষেত্রে এর প্রভাব যেনো আমাদের উপর না পড়ে।
সাধারণ সম্পাদক মোহাম্মদ নাদিম হোসেন বলেন, ‘ সৃষ্টিকর্তা আমাদের কিছু বিষয়ে ডিজেবল করে পাঠিয়েছে। সাধারণ শিক্ষার্থীরা আমাদের সবসময় সহযোগিতা করেছে। আজকে গুটিকয়েকজনের জন্য শিক্ষার্থীরা যেনো আমাদের ভুল না বুঝে। আমরা সবসময় তাদের সহযোগিতা কামনা করি। যারা এমন কাজ করেছে সংগঠনের পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাইদ বিন কামাল বলেন, ‘ শিক্ষার্থীদের সহায়তায় আমরা ৫ দৃষ্টিপ্রতিবন্ধীকে গাঁজা সেবনে ধরেছি। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী হল প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।’



