চবি প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলনের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) আইসিএবি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মোহা. আনোয়ার হোসেন মঞ্জু।
তিনি কেন্দ্রীয় সভাপতির অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার বিদায়ী কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুর রহমান, সহ-সভাপতি হিসেবে রয়েছেন আমিনুল ইসলাম রাকিব ও মো. আকিব হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সম্পাদক আল-আমীন মোহাম্মদ বাবুল এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি মো. আব্দুল কাদের।




