ঢাকা  রবিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধচাঁদাবাজি মামলার বাদী হওয়ায় বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

চাঁদাবাজি মামলার বাদী হওয়ায় বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে চাঁদাবাজির মামলার বাদী হওয়ায় ইউনিয়ন বিএনপির এক নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। গভীর রাতে মোটরসাইকেলযোগে এসে দুর্বৃত্তরা বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

রোববার (১০ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের করইতোলা এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার মোর্শেদ আলম চর লরেঞ্চ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় করইতোলা বাজারের ব্যবসায়ী। তিনি সম্প্রতি একটি চাঁদাবাজির মামলার বাদী হন।

মোর্শেদ আলম বলেন, রাত ১টার পর ৪ থেকে ৫টি মোটরসাইকেলে করে একদল লোক তাঁর বাড়িতে আসে। তারা বাড়ির বিভিন্ন দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত সরে যায়।

তিনি আরও বলেন, “ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর আবারও তারা বাড়ির আশপাশে অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে আমরা ও স্থানীয় লোকজন তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।”

মোর্শেদের দাবি, বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তিনজনকে শনাক্ত করা গেছে। তাঁদের মধ্যে দুজন তাঁর দায়ের করা চাঁদাবাজির মামলার আসামি এবং অপরজন এক আসামির ভাই।

ঘটনার পর পরিবার নিয়ে আতঙ্কে রয়েছেন বলে জানান এই বিএনপি নেতা। তিনি বলেন, “সকালে স্থানীয় সংসদ সদস্য ও হুইপ আশরাফ উদ্দিন নিজান, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী এবং সাধারণ সম্পাদক দিদার হোসেনকে বিষয়টি জানিয়েছি। পরে থানার ওসিকেও অবহিত করেছি। এখন পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী বলেন, তিনি বর্তমানে এলাকার বাইরে রয়েছেন। তবে স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে ঘটনাটি জেনেছেন। তিনি বলেন, “দুই দফায় মোটরসাইকেল নিয়ে এসে হামলার চেষ্টা করা হয়েছে বলে শুনেছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, “ভুক্তভোগী থানায় এসে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সূত্র জানায়, চাঁদাবাজির অভিযোগে এবং স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনায় গত ২০ এপ্রিল মোর্শেদ আলম বাদী হয়ে কমলনগর থানায় একটি মামলা করেন। ওই মামলায় যুবদলসহ পাঁচজন নেতাকর্মীকে আসামি করা হয়। পরে পুলিশ মামলার এক আসামি মিলনকে গ্রেপ্তার করে।

ঢাকানিউজ/নাজ/24

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular