ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধছেলের পরকীয়া ঠেকাতে বিমানে বোমা হামলার হুমকি, মা-সহ ৩ জন র‍্যাবের হাতে...

ছেলের পরকীয়া ঠেকাতে বিমানে বোমা হামলার হুমকি, মা-সহ ৩ জন র‍্যাবের হাতে আটক

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার চাঞ্চল্যকর খবরের পেছনের কারণ হিসেবে উঠে এসেছে পারিবারিক নাটকীয়তা। নিজের ছেলেকে তার পরকীয়া প্রেমিকার সাথে বিদেশ ভ্রমণ থেকে আটকাতে এক মা নিজেই উড়োজাহাজে বোমা থাকার ভুয়া ফোনকল করেছিলেন। এই ঘটনায় ওই মাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (১২ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য জানান র‍্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।

তিনি জানান, সম্প্রতি একটি অচেনা নম্বর থেকে ফোন করে জানানো হয় যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কাঠমান্ডুগামী বিজি-৩৭৩ ফ্লাইটটিতে বোমা রাখা আছে। এই হুমকির পর বিমানটিকে জরুরি ভিত্তিতে থামিয়ে প্রায় তিন ঘণ্টা ধরে নিবিড় তল্লাশি চালানো হয়। তবে ব্যাপক তল্লাশির পরেও বিস্ফোরক জাতীয় কিছু পাওয়া যায়নি।

এই ভুয়া হুমকির উৎস খুঁজতে গিয়ে র‍্যাব তদন্ত শুরু করে এবং এর পেছনের পারিবারিক ষড়যন্ত্রটি উদ্ঘাটন করে। র‍্যাব ডিজি বলেন, “ঘটনাটি তদন্ত করতে গিয়ে আমরা এই ভুয়া হুমকির পেছনের পারিবারিক বিষয়টি জানতে পারি। এই ঘটনায় আমরা এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছি।”

তিনি আরও জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি, এক ব্যক্তি তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে ওই ফ্লাইটে কাঠমান্ডু যাচ্ছিলেন। বিষয়টি তার স্ত্রী ও মা জানতে পেরে তাকে আটকাতে মরিয়া হয়ে ওঠেন।”

ছেলের এক বন্ধুর কাছ থেকে ফ্লাইটের তথ্য সংগ্রহ করে ওই মা এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারে ফোন করেন এবং বিমানে বোমা রয়েছে বলে মিথ্যা তথ্য দেন। তার একমাত্র উদ্দেশ্য ছিল, ফ্লাইটটি বাতিল বা বিলম্বিত করে ছেলের অনৈতিক ভ্রমণ আটকে দেওয়া।

এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular