নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলীতে কয়েকদিনের টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। বিশেষ করে চরপাথরঘাটার ইছানগর, চরলক্ষ্যা, জুলধ ও শিকলবাহার বহু নিচু এলাকা পানির নিচে তলিয়ে গেছে। বসতঘর, রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠান সবই ডুবে থাকায় শত শত মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন।
রোববার (১ জুন) দুপুরে কর্ণফুলী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রয়া ত্রিপুরা শিকলবাহা ও চরপাথরঘাটার প্লাবিত এলাকা পরিদর্শনে যান।
তিনি বলেন, এখানকার মানুষের সমস্যা আমি বুঝতে পেরেছি। বরাদ্দ আসলে রেকগনাইজ করে ব্যবস্থা নেওয়া হবে।’
তবে স্থানীয়দের অভিযোগ, সংকটের সময় শুধু বক্তব্য আর ভবিষ্যতের আশ্বাস নিয়ে চলে যাওয়া কোনো সমাধান নয়।
৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল হক বলেন, পুরো এলাকার পানি নিষ্কাশনের জন্য মাত্র একটি নালা রয়েছে। বহু আগেই ইউএনও অফিসে লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেইনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেয়াবুন্নেসা, উপজেলা প্রকল্প কর্মকর্তা অফিসের উপ-সহকারি প্রকৌশলী তসলিমা আক্তার, চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম মঈন উদ্দিন, ইউপি সদস্য সাইদুল হক, সাবেক ইউপি সদস্যম মো. রফিক ব্যবসায়ি নুর আলীসহ প্রমুখ।



