আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা নিহত হয়েছেন। ইরানের বিপ্লবী গার্ড কর্পস প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং বলেছে যে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের আবাসস্থলে থাকা ২৭টি ঘাঁটির পাশাপাশি তেল আবিবে ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে এখনও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
এদিকে ইরানের রাজধানী তেহরানে টার্গেট করে হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী রাজধানীতে ইরানি শাসনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা শুরু করার কথা বলার পরই বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়। ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে, তারা ইরানের শাসক গোষ্ঠী সংশ্লিষ্ট টার্গেটগুলোতে হামলা শুরু করেছে।
ইরানের তেহরানে “রেডক্রিসেন্ট শান্তি ভবনের আশেপাশের এলাকাকে লক্ষ্যবস্তু করে” হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানি রেডক্রিসেন্ট সোসাইটি।
রেড ক্রিসেন্ট সোসাইটির টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে, “তেহরানের খাতাম আল আনবিয়া, মোতাহারি এবং বেহজিস্তা হাসপাতালের” কাছেও হামলা চালানো হয়েছে।
রবিবার ১৫:৫০ টা
হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া একটি তেল ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান।
ওমানের দুকম বন্দরে ড্রোন হামলার পর পালাউ-পতাকাবাহী তেল ট্যাংকারটি ওমানের মুসান্দাম উপদ্বীপে আঘাত হানে। এই হামলায় কমপক্ষে চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার (এমএসসি)।
হরমুজ প্রণালীতে অবস্থিত ওমানের কুমজার থেকে দুই নটিক্যাল মাইল উত্তরে এই হামলার কথা জানিয়েছে ব্রিটিশ মেরিটাইম অ্যাজেন্সি (ইউকেএমটিও)।
এই প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি রুট, যা সৌদি আরব, ইরান, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বৃহত্তম উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলিকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে সংযুক্ত করেছে।
ওমান এমএসসি জানায়, স্কাইলাইট নামে তেল ট্যাংকারটিতে ২০ জন ক্রু ছিলেন, যার মধ্যে ১৫ জন ভারতীয় এবং পাঁচজন ইরানি নাগরিক। মুসান্দামের খাসাব বন্দর থেকে পাঁচ নটিক্যাল মাইল দূরে এই হামলার পর ক্রুদের সরিয়ে নেওয়া হয়।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যৌথ হামলার প্রতিশোধ নেওয়ার পর উপসাগরীয় অঞ্চল যখন নতুন যুদ্ধে জড়িয়ে পড়ছে, তখন ওমানের ভেতরে বা তার কাছাকাছি কোনো লক্ষ্যবস্তুতে এই প্রথম হামলা চালানো হলো। – এনডিটিভি
রবিবার ১৫:৩৫ টা
মানামায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের হোটেল ছাড়ার নির্দেশ
বাহরাইনে অবস্থিত মার্কিন দূতাবাস তার দেশের নাগরিকদের মানামার হোটেল ছাড়ার আহ্বান জানিয়েছে।
ইরানের হামলার লক্ষ্যবস্তু হতে পারে এমন আশঙ্কায় মার্কিন নাগরিকদের হোটেল ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস।
এক্সে দূতাবাসের বিবৃতিতে মানামার ক্রাউন প্লাজা হোটেলে হামলার ফলে কয়েকজনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রবিবার ১৫:৩১ টা
তেহরানে হামলায় ৫৭ জন নিহত: আইআরএনএ
তেহরানে গত ২৪ ঘণ্টায় ৬০টি হামলা হয়েছে এবং এতে কমপক্ষে ৫৭ জন নিহত হয়েছেন।
রবিবার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ অ্যাজেন্সি (আইআরএনএ) তেহরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে এ তথ্য জানায়।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের রাজধানীকে লক্ষ্য করে অভিযান চালাচ্ছে।
আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইরানের রাজধানী তেহরানে গত এক ঘণ্টার বেশি সময় ধরে ক্রমাগত বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। তেহরানের রাস্তায় অ্যাম্বুলেন্সের সাইরেনও শোনা যাচ্ছে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে আকাশ।
রবিবার স্থানীয় সময় দুপুরে সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
রবিবার ১৫:২০ টা
বাহরাইনে হোটেলে ইরানের হামলা
বাহরাইনের রাজধানী মানামায় ক্রাউন প্লাজা হোটেল লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।
রবিবার (১ মার্চ) বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
এতে বলা হয়, হামলার ফলে বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু কোনো প্রাণহানি হয়নি।
গতকাল শনিবার বাহরাইন জানায়, দ্বীপরাজ্যে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে মানামায় তিনটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।
রবিবার ১৫:১৭ টা
ইরাকে ইরানের ড্রোন ভূপাতিত
ইরাকে এরবিল বিমানবন্দর সামরিক ঘাঁটির কাছে যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষা বাহিনীর গুলিতে একটি ড্রোন ভূপাতিত হয়েছে।
রবিবার নিরাপত্তা সূত্রের খবর অনুযায়ী, এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি সামরিক ঘাঁটির উপর দিয়ে যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষা বাহিনী একটি ড্রোনকে ভূপাতিত করে।
রবিবার ১৫:১৩ টা
খামেনির ‘নিষ্ঠুর হত্যাকাণ্ডে’ ইরানের প্রতি সমবেদনা জানিয়েছেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন।
রবিবার (১ মার্চ) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস এ তথ্য জানায়।
তিনি খামেনির মৃত্যুকে “মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সকল নিয়ম লঙ্ঘনকারী নিষ্ঠুর হত্যাকাণ্ড” হিসেবে অভিহিত করেছেন।
রবিবার ১৫:১১ টা
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া
ইরানের উপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলি আক্রমণকে ‘অবৈধ আগ্রাসন’ এবং জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া।
রবিবার (১ মার্চ) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ অ্যাজেন্সি এ তথ্য জানায়।
যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ‘প্রত্যাশার সীমার মধ্যে’ ছিল জানিয়ে মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের ‘আধিপত্যবাদী এবং গ্যাংস্টার-সদৃশ’ আচরণের ফলাফল এটি।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আগ্রাসন যুদ্ধ’ যে কোনো অবস্থাতেই অগ্রহণযোগ্য।
রবিবার ১৫:০২ টা
৪০ জন ইরানি কমান্ডার নিহতের খবর নিশ্চিত করল আইডিএফ
‘অপারেশন এপিক ফিউরি’ শুরু হওয়ার পর থেকে ৪০ জন জ্যেষ্ঠ ইরানি কমান্ডার নিহতের খবর নিশ্চিত করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
রবিবার (১ মার্চ) এই তথ্য নিশ্চিত করে আইডিএফ জানায়, নিহতদের মধ্যে তেহরানে ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান আবদুর রহিম মুসাভিও রয়েছেন।
আইডিএফ এক বিবৃতিতে জানায়, ‘‘মুসাভি সর্বোচ্চ ঊর্ধ্বতন সামরিক পদমর্যাদার কর্মকর্তাদের একজন হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরির উত্তরসূরি ছিলেন, যিনি ২০২৫ সালের জুনে অপারেশন ‘রাইশন লায়ন’-এর প্রথম হামলায় নিহত হয়েছিলেন।’’
ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানায়, ‘ইরানি নিরাপত্তা নেতৃত্বের সর্বোচ্চ পদস্থ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের অধিকাংশকেই আইডিএফ কর্তৃক নির্মূল করা হয়েছে।’
ইরানে গতকাল শনিবার থেকে শুরু হওয়া হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন।
রবিবার ১৪:৫৫ টা
সাইপ্রাসের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: ব্রিটিশ প্রতিরক্ষা সচিব
সাইপ্রাসের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যেখানে হাজার হাজার ব্রিটিশ সৈন্য অবস্থান করছে।
রবিবার (১ মার্চ) ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলি স্কাই নিউজে এ কথা জানান।
তিনি গতকাল শনিবারের হামলা সম্পর্কে বলেন, ‘আমরা বিশ্বাস করি না যে তাদের সাইপ্রাসে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে তা সত্ত্বেও এটি একটি উদাহরণ যে- কীভাবে একটি সরকার থেকে একটি বাস্তব এবং ক্রমবর্ধমান হুমকি রয়েছে, যারা এই অঞ্চল জুড়ে ব্যাপকভাবে আক্রমণ করছে। এর জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে।
প্রতিরক্ষা সচিব বলেন, শনিবার ইরানের হামলা বাহরাইনে ব্রিটিশ সেনাদের কয়েকশ গজের (কয়েকশ মিটার) মধ্যে পড়ে।
রবিবার ১৪:৫৫ টা
ভিডিও কনফারেন্সে বসছেন জিসিসির পররাষ্ট্রমন্ত্রীরা
উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।
রবিবার (১ মার্চ) এই বৈঠক হবে।
বিষয়টি সম্পর্কে অবগত একটি উপসাগরীয় সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানায়।
জিসিসি হলো আরব উপদ্বীপের ছয়টি দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট। সদস্য দেশগুলো হলো- বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।
রবিবার ১৪:৫৫ টা
তেহরানে শক্তিশালী বিমান হামলা চালিয়ে যাবে ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেছেন, সেনাবাহিনী ‘ইরানি শাসকগোষ্ঠীর স্থান লক্ষ্য করে তীব্র হামলা চালাচ্ছে।’
এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, ‘তেহরানের লক্ষ্যবস্তুতে একটি শক্তিশালী আক্রমণ চালানোর জন্য আমরা একটি অবিচ্ছিন্ন আকাশ সেতু নির্মাণ করব।’
রবিবার ১৪:৫৫ টা
ওমানের দুকম বন্দরে ড্রোন হামলা
ওমানের গুরুত্বপূর্ন একটি বন্দর দুকম বন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে।
ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, এই ঘটনায় একজন কর্মী আহত হয়েছে। আরব সাগরের তীরে অবস্থিত এই বন্দরটি ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর থেকে বৈশ্বিক বানিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দ্রুত বিকশিত হচ্ছে।
রবিবার ১৪:৫৫ টা
হরমুজ প্রণালীতে পাকিস্তানের জাহাজ প্রবেশে তেহরানের বাধা
পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রবিবার পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের পরিচালিত তিনটি জাহাজকে হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হতে বাধা দিয়েছে ইরান।
রবিবার (১ মার্চ) পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ এই তথ্য জানিয়েছে।
এআরওয়াই নিউজের প্রতিবেদন অনুযায়ী, তেল পরিবহনের উদ্দেশ্যে যাত্রা করা করাচি, লাহোর এবং খায়রপুর নামক জাহাজগুলোর বিষয়ে এই নির্দেশ জারি করা হয়েছে।
রবিবার ১৪:৫৫ টা
রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা গেছে: রিপোর্ট
সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
পূর্ব রিয়াদের বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, তারা বেশ কয়েকটি বিকট শব্দ শুনেছেন এবং ধোঁয়া উঠতে দেখেছেন।
সংবাদ সংস্থাটি জানায়, তাদের সংবাদদাতারাও বিস্ফোরণের শব্দ শুনেছেন।
রবিবার ১৩:৫৫ টা
ইরানের গোয়েন্দা পুলিশের প্রধান নিহত
ইরানের গোয়েন্দা পুলিশের সংস্থা ফারাজার প্রধান গোলামরেজা রেজাইয়ান নিহত হয়েছেন।
ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে ইরানিয়ান সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
মি. রেজাইয়ান এর আগে ইমিগ্রেশন এবং ফরেন ন্যাশনাল পুলিশ, চিফ অব ইন্টেলিজেন্স এবং পাবলিক সিকিউরিটি পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
একইসঙ্গে ইরানের পুলিশ বাহিনীর ডিরেক্টর অব জেনারেল ইন্সপেক্টরের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।




