ঢাকা  বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeকৃষিডিজি নিয়োগ নিয়ে দুই পক্ষ মুখোমুখি, অচলাবস্হা

ডিজি নিয়োগ নিয়ে দুই পক্ষ মুখোমুখি, অচলাবস্হা

নিউজ ডেস্ক: গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগকে কেন্দ্র করে বিজ্ঞানী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। এক পক্ষ নতুন ডিজিকে ‘ফ্যাসিবাদের দোসর’ ও ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিয়ে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভে নেমে। আরেকটি পক্ষ এই নিয়োগকে নিয়মতান্ত্রিক বলে সমর্থন জানিয়ে পাল্টা অবস্থান নেয়।

সোমবার (৪ মে) সকালে মহাপরিচালকের কার্যালয়ের সামনে ব্যানার ও লোকবল নিয়ে অবস্থান নেয় উভয় পক্ষ। এ সময় তারা পাল্টাপাল্টি স্লোগান দেয়। বিক্ষোভরতদের একটি অংশ ইনস্টিটিউটের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করে, ফলে স্থবির হয়ে পড়ে গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী সমিতির নির্বাচিত সহসভাপতি এ বি এম আনোয়ার উদ্দিন বলেন, ‘প্রায় এক মাস ধরে ডিজির পদটি শূন্য ছিল। রোববার যাঁকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি পূর্ববর্তী সরকারের আমলে সুবিধাভোগী ছিলেন এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।’

সমিতিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘ব্যক্তিগত কোনো বিরোধ না থাকলেও নতুন নিয়োগপ্রাপ্ত ব্যক্তির অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। তার ভাষ্য, বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত কাউকে প্রতিষ্ঠানের শীর্ষ পদে বসানো হলে গবেষণা কার্যক্রম ব্যাহত হতে পারে। এই নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।’

অন্যদিকে নতুন ডিজি আমিনুল ইসলামের সমর্থক পক্ষটি দ্রুত তার দায়িত্ব গ্রহণের দাবি জানিয়েছে। তাদের মতে, দীর্ঘদিন পদটি শূন্য থাকায় প্রশাসনিক স্থবিরতা ও বেতন সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। তারা দ্রুত নতুন ডিজির দায়িত্ব গ্রহণের পক্ষে অবস্থান নিয়েছেন।

কর্মকর্তা-কর্মচারী সমিতির সহসভাপতি আবদুল মান্নান বলেন, ‘মন্ত্রণালয় থেকে ডিজি নিয়োগ দেওয়া হয়েছে। আমরা চাই তিনি দ্রুত দায়িত্ব নিন।’

বাংলাদেশ পুলিশের গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও উত্তেজনা বিরাজ করছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular