সাকিব হোসেইন, কুমিল্লা প্রতিবেদক: সঠিক তদারকি ও পরিকল্পনার অভাবে কুমিল্লার তিতাস উপজেলায় খাল পুনর্খনন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রকল্পের লক্ষ্য পূরণ না হওয়ায় ৪৫ লাখ ৫৬ হাজার ৭০৩ টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠাতে হয়েছে। জনস্বার্থে গ্রহণ করা এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি এভাবে অসম্পূর্ণ রয়ে যাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী।

প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প ও অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের দড়িগাঁও কাঠালিয়া নদী থেকে গঙ্গাপ্রসাদ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার খাল পুনর্খননের উদ্যোগ নেওয়া হয়।
প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ৭৭ লাখ ২৮ হাজার ৮৪২ টাকা। চলতি বছরের ১৮ এপ্রিল স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া প্রকল্পের উদ্বোধন করেন এবং ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়। অথচ নির্ধারিত সময়ে মাত্র ১ দশমিক ০৬৭ কিলোমিটার খাল খনন করেই দায় সেরেছে বাস্তবায়নকারী কর্তৃপক্ষ।




