ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধনান্দাইলে মার্কেট ভাঙচুর ও আগুনের অভিযোগে এলাকায় উত্তেজনা

নান্দাইলে মার্কেট ভাঙচুর ও আগুনের অভিযোগে এলাকায় উত্তেজনা

নিউজ ডেস্ক :    ময়মনসিংহের নান্দাইলে গভীর রাতে শিকদার মার্কেটের একটি দোকানে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামে, নান্দাইল–ত্রিশাল সড়কের পাশে অবস্থিত মার্কেটটিতে।

রাকিব শিকদার, মার্কেটের মালিক পক্ষের একজন, জানান—সোমবার (১৩ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে মুখোশ পরা একদল লোক মার্কেটের শাটার কুপিয়ে দেয় ও একটি দোকানে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও হামলাকারীদের খুঁজে পায়নি।

মার্কেটের দোকানি মো. নাজিম উদ্দিন (৬৫) অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন আগেও একাধিকবার হামলা চালিয়েছে এবং এতে তিনি বারবার ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তিনি বলেন, “সারাদিন প্রতিপক্ষরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিয়েছে। আশঙ্কায় আমি সন্ধ্যায় থানায় অভিযোগ করি, কিন্তু রাতেই আবার হামলা হয়।”

অন্য দোকানী আবুল কাশেম জানান, হামলার পর তিনি থানায় ফোন দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে ও পরিদর্শন করে।

রাকিব শিকদার বলেন, নয় শতক জমির ওপর নির্মিত শিকদার মার্কেট তাদের বৈধ মালিকানাধীন জমিতে তৈরি। “আমাদের সব কাগজপত্র ঠিক আছে, কিন্তু প্রতিপক্ষ জুয়েল শিকদার, মাখন শিকদার ও বুলবুল শিকদার জোরপূর্বক মার্কেট দখল করতে চায়,” দাবি করেন তিনি।

মার্কেটের নৈশপ্রহরী রতন মিয়া বলেন, “রাত ৩টার দিকে মুখোশধারী কয়েকজন অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। বাধা দিলে আমাকে হত্যার হুমকি দেয়।”

অভিযোগ প্রসঙ্গে জুয়েল শিকদার বলেন, “ওই জায়গা আমাদের। রাকিব শিকদার অবৈধভাবে মার্কেট গড়ে আমাদের জমি দখল করেছে। এখন নিজেরাই আগুন দিয়ে আমাদের ওপর দোষ চাপাতে চাইছে।”

তিনি আরও জানান, বিষয়টি আদালতে বিচারাধীন।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তদন্তে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular