ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের

নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের

নিউজ ডেস্ক: সরকারদলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্যদের সঙ্গে সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে নারী সংসদ-সদস্যদের সংসদীয় দায়িত্ব ও জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে জনগণের জন্য কাজ করার কৌশল নির্ধারণে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

একই সঙ্গে জাতীয় সংসদের অধিবেশনের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা, সংসদ-সদস্যদের তথ্যনির্ভর বক্তব্য প্রদানের জন্য নিয়মিত পড়াশোনা ও সংসদীয় কার্যক্রম পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হয়।

এছাড়া সরকারি দলের সংশ্লিষ্ট আসনের নির্বাচিতদের সঙ্গে সমন্বয় করে এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড জোরদার করার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় অংশ নেওয়া অন্তত চারজন নারী সংসদ-সদস্য যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

তারা বলেন, সংরক্ষিত নারী আসনে শপথগ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটিই তাদের প্রথম সভা। সভায় তাদের দায়িত্ব, কর্তব্য এবং সংরক্ষিত আসনের ক্ষমতার পরিধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন সরকারপ্রধান।

সংসদে গঠনমূলক ও তথ্যনির্ভর বক্তব্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এজন্য আগামী সংসদ অধিবেশনের আগেই সংরক্ষিত নারী আসনের সদস্যদের প্রশিক্ষণ দেবে ক্ষমতাসীন দল বিএনপি।

এছাড়া যেসব আসনে জামায়াতের সংসদ-সংদস্য রয়েছেন, সেসব এলাকায় সংশ্লিষ্ট নারী সংসদ-সদস্যরা নির্বাচিত এমপির ন্যায় এলাকায় উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত হবেন।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রথম বৈঠকে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্য সেলিমা রহমান।

তিনি বলেন, মূলত প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ধন্যবাদ জানানোর উদ্দেশ্যেই এ বৈঠক হয়। এ সময় সংরক্ষিত নারী আসনের সদস্যরা তাদের দায়িত্ব, কাজের পরিধি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সংরক্ষিত আসনের সদস্যদের নির্দিষ্ট কোনো এলাকা না থাকায় কোন এলাকায় কীভাবে কাজ করতে হবে সে বিষয়ে প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আগামীতে তারা কাজ করবেন।

সেলিমা রহমান বলেন, একজন রাজনৈতিক নেত্রী ও সংসদ-সদস্য হিসাবে জনগণের কল্যাণে কাজ করাই প্রধান দায়িত্ব। একই সঙ্গে দেশ ও দলকে ঐক্যবদ্ধ রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular