ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঘুষ দাবির ভিডিও ভাইরাল, লক্ষ্মীপুর পিডিবির উপসহকারী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

ঘুষ দাবির ভিডিও ভাইরাল, লক্ষ্মীপুর পিডিবির উপসহকারী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

মিটার দেওয়ার কথা বলে ৫ হাজার টাকা দাবি, দর-কষাকষির পর ৩ হাজার টাকা নেওয়ার দৃশ্য ভিডিওতে; অভিযোগ অস্বীকার প্রকৌশলীর

লক্ষ্মীপুর প্রতিনিধি : ঘুষ দাবির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপসহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের উপপরিচালক-১ মো. বনি আমিন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, লক্ষ্মীপুর পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের উপসহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামের বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগ অথবা মিটার দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারী ও গ্রাহকের উপস্থিতিতে ঘুষ হিসেবে নগদ অর্থ গ্রহণের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এ ঘটনায় চাকরি বিধিমালা-১৯৮২-এর ১৪১ নম্বর বিধি অনুযায়ী তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন। এ সময়ে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার পূর্বানুমতি ছাড়া তিনি কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

১ মিনিট ৫৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বিদ্যুৎ মিটারের প্রসঙ্গ তুলে সেবাগ্রহীতার কাছে নগদ ৫ হাজার টাকা দাবি করছেন উপসহকারী প্রকৌশলী ইফতে খাইরুল। এ সময় তাঁর পাশে থাকা অন্য এক কর্মচারীকে আরও ৯ হাজার টাকা দেওয়ার কথাও বলতে শোনা যায়। একপর্যায়ে দর-কষাকষির পর ওই সেবাগ্রহীতার কাছ থেকে নগদ ৩ হাজার টাকা গ্রহণ করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে উপসহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এটি সম্পূর্ণ অসত্য তথ্য।’

উল্লেখ্য, এর আগে গত ২৮ সেপ্টেম্বর একই কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ঘুষের টাকা লেনদেন ও কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular