নিউজ ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করার ইঙ্গিত দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারা আগেভাগেই নিচ্ছেন প্রস্তুতি, তৈরি হচ্ছে প্রার্থীদের তালিকাও। জাতীয় নির্বাচনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এবার নিজেদের শক্তি পরীক্ষা করার কথা জানালেন দলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সারজিস আলম।
জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক দলগুলোর চোখ এবার স্থানীয় সরকার নির্বাচনে। চলতি বছরই ভোট করার প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
নির্বাচন সামনে রেখে বিশেষ প্রস্তুতি নিচ্ছে এনসিপি। এরইমধ্যে গঠন করা হয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। তৈরি করা হচ্ছে সম্ভাব্য প্রার্থীদের তালিকা। দলটির অন্যতম নীতিনির্ধারক সারজিস আলম বলছেন, স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে ভোট করার চিন্তা চলছে।
সারজিস আলম বলেন, দেশের প্রতিটি সাংগঠনিক অঞ্চলে যাব। গিয়ে সিটি করপোরেশন, উপজেলা এবং পৌরসভা নির্বাচনে যারা প্রার্থী হতে চান, তাদেরকে আমরা প্রাথমিকভাবে বাছাই করে সেই জায়গা থেকে নাম ঘোষণা করে দেব। আমরা এককভাবে আমাদের প্রার্থী ঘোষণা করব। কিন্তু শেষ পর্যায়ে গিয়ে যদি দেখা যায়, দেশ ও জাতির স্বার্থে জোটের প্রয়োজন, তখন সেটাও হতে পারে।
যদিও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলছেন, সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সমমনা দলের সঙ্গে সমঝোতা হতে পারে। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারও সঙ্গে জোট হবে না।
এনসিপির মুখপাত্র বলেন, প্রান্তিক পর্যায়ে সমঝোতা হওয়ার সুযোগ নেই। আমাদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ঠিক করে থাকেন, কারা নির্বাচন করবেন। তবে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বোঝাপড়া হতে পারে। তবে এখন পর্যন্ত আমাদের প্রস্তুতি এককভাবেই রয়েছে। আমাদের সক্ষমতার ওপরই ভরসা করতে চাচ্ছি।
১১ সিটি করপোরেশনে রাজনৈতিক প্রশাসক নিয়োগ দেয়ার সমালোচনা করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে এখনই শঙ্কা জানিয়েছে এনসিপি। তবে তারা বলছেন, জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিটি-পৌরসভা-ইউনিয়ন পরিষদের ভোটে ভালো করতে আশাবাদী তারুণ্যনির্ভর এনসিপি।




