নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার কারণে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকে পড়েছিলেন ক্রিকেটার মুশফিকুর রহিম। সব শঙ্কার অবসান ঘটিয়ে সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে দুপুরে তার স্ত্রী জান্নাতুল কিফায়েত সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিকের নিরাপদে বাসায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
পবিত্র ওমরাহ পালন শেষে গত শনিবার দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল মুশফিকের। কিন্তু মাঝ আকাশ থেকে তাদের বহনকারী এমিরেটসের ফ্লাইটটি যুদ্ধ পরিস্থিতির কারণে আবারও জেদ্দায় ফিরে যেতে বাধ্য হয়। বিমানবন্দরে হাজারো যাত্রীর সঙ্গে আটকে পড়েন এই ‘মিস্টার ডিপেন্ডেবল’। বিষয়টি জানার পর যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হকের ব্যক্তিগত তদারকি ও হস্তক্ষেপে রোববার গভীর রাতে দেশের উদ্দেশে রওনা হন তিনি।
মুশফিক নিরাপদে বাসায় ফেরার পর এক ফেসবুক স্ট্যাটাসে স্বস্তি প্রকাশ করেন তার স্ত্রী জান্নাতুল কিফায়েত। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মুশফিক নিরাপদে বাসায় পৌঁছেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তার জন্য সবকিছু সহজ করে দিয়েছেন। যাঁরা দুশ্চিন্তা করেছেন এবং মানসিকভাবে পাশে ছিলেন, সবাইকে ধন্যবাদ।’ একই সঙ্গে বিশ্বের চলমান অস্থিরতা যেন দ্রুত শান্ত হয়, সেই প্রার্থণাও করেন তিনি।



