নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে চারটি সংগঠনে সাংস্কৃতিক উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে (৩ জুন) জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি থেকে সংগঠনের প্রতিনিধিদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, সহকারী প্রকৌশলী রেজাউল করিম, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু ও বিশিষ্ট সংগীত শিল্পী তাসমিন ফৌজিয়া ওপেল উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ সুত্র জানায়, তিন লাখ টাকা ব্যয়ে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি, সৈয়দপুরের শিল্প সাহিত্য সংসদ, ডোমার নাট্য সমিতি ও লেডিস ক্লাব নীলফামারীতে এসব উপকরণ বিতরণ করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, একটি চেঞ্জার হারমোনিয়াম, সুরশ্রী ব্যান্ডের হারমোনিয়াম ও তবলা ছিলো উপকরণ সামগ্রীর মধ্যে।



