নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত
আবহাওয়া ডেস্ক : আগামী পাঁচ দিন দেশের সব বিভাগেই দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিদ্যুৎ চমকানোরও আশঙ্কা রয়েছে।
শনিবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আট বিভাগের দু–এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রোববার রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি হতে পারে। সোমবার আবারও দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্য বিভাগগুলোর দু–এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুর ও যশোরে, ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে। সেখানে ৫২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
ঢাকানিউজ/নাজ/২৪




