নিউজ ডেস্ক: “একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত ” পাকিস্তানে সফরে গিয়ে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে এমনই বিচিত্র দাবি করলেন বাংলাদেশের স্পিকার হাফিজউদ্দিন আহমদ।
একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে ভারতের থাকার ভূমিকা অস্বীকার করলেন তিনি। তাঁর দাবি, ১৯৭১ সালের যুদ্ধে বাংলাদেশকে সাহায্য করেনি দিল্লি, দিল্লি কাজ করেছে পাকিস্তানকে দুর্বল করার জন্য। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ বিষয়ে দিল্লির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইতিহাস বলছে, ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারত। পাকিস্তানি সেনাবাহিনীর দমন-পীড়ন ও গণহত্যার জেরে পূর্ব পাকিস্তান থেকে বিপুল সংখ্যক মানুষ ভারতে আশ্রয় নিতে শুরু করেন। সেই সময় প্রায় এক কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিলেন বলে বিভিন্ন ঐতিহাসিক নথিতে উল্লেখ রয়েছে। শরণার্থীদের আশ্রয়, খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা করতে ভারতকে ব্যাপক চাপের মুখে পড়তে হয়।
১৯৭১ সালের ৩ ডিসেম্বর পাকিস্তানের বিমান হামলার পর ভারত সরাসরি যুদ্ধে যোগ দেয়। ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশের মুক্তিবাহিনীর যৌথ অভিযান দ্রুত অগ্রসর হয়। ১৬ ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথ চূড়ান্ত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সামরিক, কূটনৈতিক ও মানবিক সহায়তা তাই ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
বর্তমান কূটনৈতিক সমীকরণের নিরিখে বাংলাদেশি স্পিকারের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। হাসিনা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরতে চান। তবে তাঁকে পাসপোর্ট দিতে রাজি নয় বাংলাদেশ। তারা চায়, প্রত্যর্পণ করা হোক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। অন্য দিকে, ভারতও জানিয়ে দিয়েছে, কেউ স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাওয়া এবং কাউকে প্রত্যর্পণ করা সম্পূর্ণ আলাদা দু’টি বিষয়।
গত বুধবার বিকেলে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সবাল বলেছিলেন, ‘‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার পরিকল্পনাটি ঢাকার প্রত্যর্পণের অনুরোধের সঙ্গে সম্পর্কহীন।’’ সেই সঙ্গে তিনি জানান, হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার অনুরোধের পর এ সংক্রান্ত আইনগত দিকগুলি বিবেচনা করা হচ্ছে।
বিবিসি উর্দুর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান সফরে গিয়ে হাসিনা প্রসঙ্গেও মুখ খোলেন বাংলাদেশের স্পিকার। ইসলামাবাদ থেকে তাঁর দাবি, ভারত হাসিনাকে প্রত্যর্পণ না-করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ। “শুধু নিজের কর্মীদের উজ্জীবিত করতেই শেখ হাসিনা ফিরে আসার ঘোষণা করেছেন। আগামী ১০ বছরের মধ্যে তিনি বাংলাদেশে ফিরবেন না,” বলেন বাংলাদেশের স্পিকার।
এমনকি কাশ্মীর প্রসঙ্গেও পাকিস্তানের দাবিকে সমর্থন করেন বাংলাদেশের সংসদের স্পিকার। ভারত বারবার বুঝিয়ে দিয়েছে, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং এটি সম্পূর্ণ অভ্যন্তরীণ একটি বিষয়। তবে পাকিস্তান সফরে গিয়ে হাফিজউদ্দিন বলেন, “রাষ্ট্রপুঞ্জের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধান হওয়া উচিত।” উল্লেখ্য, কাশ্মীর প্রসঙ্গে বিভিন্ন সময়ে এমন দাবি করে এসেছে পাকিস্তান। এবার তাদের দাবিকেই সমর্থন জানালেন বাংলাদেশের স্পিকারও।



